ঝালকাঠীতে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে ‘অগ্নিসংযোগ’
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার গভীর রাতে টিএ্যন্ডটি সড়কে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
রাজাপুর থানার পরিদর্শক মুনীর-উল গিয়াস জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। তবে চেয়ারম্যানের মোরটসাইকেলটি পুড়ে গেছে।
আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে বাসার সামনে লোকজনের ছোটাছুটির শব্দে তার ঘুম ভেঙে যায়।
“এরপর দেখি আমার বাড়ির বারান্দায় আগুন জ্বলছে। দুর্বৃত্তরা বাড়ির কলাসিবল গেইটের ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে গেছে।”
এ সময় আজাদের পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। তবে বারান্দায় থাকা তার মোটরসাইকেলটি পুড়ে যায়।
আজাদ অভিযোগ করেন, “রাজনৈতিক প্রতিহিংসায় সরকারদলীয় লোকজন আমাকে পুড়িয়ে মারার জন্য আগুন দিয়েছে।”
এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ পরিদর্শক মুনীর জানান।
