২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওয়ার নেই, দেওয়ার আছে অনেক: নাছির

নিজেকে বনেদি পরিবারের সন্তান ও সফল ব্যবসায়ী দাবি করে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নতুন করে পাওয়ার কিছু নেই, তবে মানুষকে অনেক কিছু দেওয়ার আছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 11:30 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

শুক্রবার বিকালে চট্টগ্রামের লালদীঘি মাঠে মে দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ আয়োজিত সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

নাছির বলেন, “আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। তাই আমার আর নতুন করে পাওয়ার কিছু নেই। মানুষকে দেওয়ার আছে অনেক কিছু।”

চট্টগ্রামবাসীর ‘প্রত্যাশিত’ নগরী গড়তে সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “কোনো একটি নির্দিষ্ট অংশকে নিয়ে আমি চলব না। চট্টগ্রামের ৬০ লাখ মানুষের কথা মাথায় রেখে সব পরিকল্পনা গ্রহণ করব।”

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, “কেউ যদি রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি।”

গত মঙ্গলবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন জয়লাভ করেন নাছির। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়াসহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে এই নির্বাচন নিয়ে।

আ জ ম নাছির বলেন, “সিটি করপোরেশনকে যে কোনো মূল্যে দুর্নীতিমুক্ত করব। দুর্নীতি ও নাছির কখনো ‘সহাবস্থান’ করবে না।”

চসিক কর্মকর্তা ও কর্মচারীদের কোনো ধরনের দায়িত্বে অবহেলাও সহ্য করা হবে বলে ঘোষণা দেন তিনি।  

এর আগে আ জ ম নাছির উদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধনা দেন শ্রমিক লীগের নেতারা।

এছাড়াও ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৬টিতে এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১২টিতে জয়ী আওয়ামী লীগের সমর্থক কাউন্সিলরদেরও সংবর্ধনা দেয়া হয় এই সমাবেশে।

চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সফর আলী, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।