ইসির পদত্যাগ দাবি বিএনপিপন্থি পেশাজীবীদের
সিটি নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে ফলাফল বাতিল ও নির্বাচন কমিশনের সদস্যদের পদত্যাগ দাবি করেছে বিএনপিসমর্থিত পেশাজীবীদের সংগঠন ‘সম্মিলিত পেশাজীবী পরিষদ’।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী বলেন, ঢাকা ও চট্টগ্রামে সিটি নির্বাচনে ‘প্রকাশ্যে ভোট চুরি ও ডাকাতির’ ঘটনায় গোটা জাতি ‘স্তম্ভিত ও উৎকণ্ঠিত’।
“আমরা দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আমরা মহাকলঙ্কিত এই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সিইসি কাজী রকিব উদ্দিন আহমদসহ পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।”
বিএনপিপন্থি এই সাংবাদিক নেতার দাবি, গত মঙ্গলবারের নির্বাচনে ১০ শতাংশ ভোটারও কেন্দ্রে উপস্থিত হননি।
“অথচ নির্বাচন কমিশন ৪৪ শতাংশ ভোটার উপস্থিতি দেখিয়েছে, যা লজ্জার ও হাস্যকর।”
নির্বাচন কমিশন, সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের কর্মীরা ‘এক হয়ে’ নির্বাচনে ‘ভোট ডাকাতি’ করেছে বলে অভিযোগ করেন রুহুল আমিন গাজী।
এ নির্বাচনের মাধ্যমে ইসির প্রতি ‘আস্থাহীনতা’ আরও পাকাপোক্ত হয়েছে এবং রাষ্ট্রের ‘দীর্ঘস্থায়ী ক্ষতি’ হয়েছে বলেও মন্তব্য করেন রুহুল আমিন।
ভোটের দিন দায়িত্বপালনকালে গণমাধ্যমকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ওপর ‘ক্ষমতাসীন দলের সশস্ত্র কর্মীদের’ হামলার অভিযোগ জানিয়ে এর নিন্দা জানান তিনি।
মঙ্গলবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়। ভোট চলাকালেই কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপিসমর্থিত প্রার্থীরা।
বর্জনের ওই ঘোষণা ‘পূর্ব পরিকল্পিত’ ছিল মন্তব্য করে এনে ‘নাটক’ আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ নেতারা।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, “আমাদের এখানে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা অনেক বেশি। যদি সরকার আগেই জেনে থাকত যে, মাঝপথে আমরা নির্বাচন বর্জন করব, তাহলে ভোটের দিন কারচুপির জন্য এতো সন্ত্রাস তারা কেন করেছে?”
এসব বক্তব্যের মধ্য দিয়ে সরকার ‘সত্যকে আড়াল করছে’ বলে মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, এমএ আজিজ, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, প্রকৌশলী হারুনুর রশীদ, রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক শামসুল আলম, সৈয়দ আবদাল আহমদ, কাদের গনি চৌধুরী, রফিকুল ইসলাম বাচ্চু, রফিকুল ইসলাম জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
