ভোট বাতিল করে বিদায় নিন: আহ্বান ইসিকে
‘জালিয়াতির’ সিটি নির্বাচনের ফল বাতিল করে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে আদর্শ ঢাকা আন্দোলন, যে ফোরামের ব্যানারে বিএনপি নেতারা এই ভোটে অংশ নিয়েছিল।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ফল ঘোষণার পর বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত এই নাগরিক ফোরামের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদ বলেন, “গতকালের নির্বাচন ছিল জাতির ইতিহাসে এক মহাকলঙ্কজনক ঘটনা। নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারদলীয় যুবলীগ-ছাত্রলীগের ক্যাডারদের স্বেচ্ছাচারিতায় পুরো নির্বাচনী প্রক্রিয়াটি আবর্জনায় পরিণত হয়েছে।”
“এরকম ন্যক্কারজনক তামাশা ও প্রহসনের নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করে আমাদের প্রার্থীদের প্রত্যাহার করে নিয়েছি। এখন আমরা এই মুহূর্তে এই তামাশার নির্বাচনটি বাতিল করে পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।”
মঙ্গলবার ভোটগ্রহণের মাঝ পর্যায়ে ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত তিন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, মির্জা আব্বাস ও এম মনজুর আলম।
তবে প্রধান নির্বাচন কমিশনার কাজ রকিবউদ্দীন আহমদ নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে বলেন, তার কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেউ দেয়নি।
ভোটগ্রহণ শেষে গণনার পর আওয়ামী লীগ সমর্থিত তিন প্রার্থী ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিনকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, “আমি বয়স্ক মানুষ। ১৯৪৬ সাল থেকে অনেক নির্বাচন দেখেছি। কিন্তু গতকাল ঢাকা ও চট্টগ্রামে যে নির্বাচনটি হয়ে গেল, তার সঙ্গে কেবল ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকেই তুলনা করা যায়।
“এই নির্বাচন দেশের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। সেজন্য আমরা জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছি।”
নির্বাচন বর্জনের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “৯০ ভাগ কেন্দ্রে আমাদের মনোনীত প্রার্থীর কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। যারা ঢুকেছিল, তাদেরও মেরে-পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ-র্যাব ভোট কেন্দ্র দখল করে প্রতারণা, জালিয়াতি ও গায়ের জোরে ব্যালট পেপারে সিল মেরে নিজেদের প্রার্থীদের পক্ষে ব্যালট বাক্স ভরতি করেছে।”
বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের পর আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় বলা হয়েছিল, পরাজয় আঁচ করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আগেই বয়কটের সিদ্ধান্ত নিয়ে রেখেছিল সরকারবিরোধীরা।
ক্ষমতাসীনদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শওকত মাহমুদ বলেন, “নির্বাচন বর্জন যদি পূর্ব পরিকল্পিত হত, জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি চেয়ারপারসন আমাদের মনোনীত প্রার্থীদের জন্য প্রচারণায় নামতেন না।”
নির্বাচন কারচুপির প্রতিবাদে কোনো কর্মসূচি দেবেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল নই। এটি নাগরিকদের একটি মঞ্চ। সেজন্য আমরা কোনো কর্মসূচির কথা ভাবছি না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, মাহফুজউল্লাহ, আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, কাদের গনি চৌধুরী, মোরশেদ হাসান খান প্রমুখ।
