২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট সুষ্ঠু, বিএনপি প্রত্যাখ্যাত: প্রধানমন্ত্রী

কারচুপির অভিযোগে বিএনপি ভোট থেকে সরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটে’ ঢাকা ও চট্টগ্রামের ভোটাররা তাদের প্রত্যাখ্যান করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 01:17 PM

Updated : 12 Oct 2022, 03:37 PM

আগামীতে দেশবাসীও তাদের ‘প্রত্যাখ্যান’ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভোটের পরদিন বুধবার সকালে নিজের কার্যালয়ে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে পেট্রোল বোমায় নিহতদের স্বজন এবং আহত ও ক্ষতিগ্রস্ত বাস মালিকদের অর্থ সহায়তা দেওয়ার সময় প্রধানমন্ত্রী একথা বলেন।

অবরোধ-হরতালে নাশকতার চিত্র তুলে ধরে তিনি বলেন, “এই ধরনের নোংরা রাজনীতি বা এই ধরনের নোংরামি আর যেন বাংলাদেশে না হয়, মানুষের ভাগ্য নিয়ে যেন ছিনিমিনি আর না খেলে। মানুষের রুজি-রোজগারে যেন আর কেউ আঘাত না হানে, গরিবের পেটে যেন আর লাথি না মারে। সেটাই আমি চাই।”

সিটি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজকে ঢাকা ও চট্টগ্রামের মানুষ তাদের (বিএনপি) প্রত্যাখ্যান করেছে। আমি আশা করি দেশবাসীও আগামীতে তাদের প্রত্যাখ্যান করবে।”

মঙ্গলবার ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা জয়ী হয়েছেন। মঙ্গলবারের ভোট নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “গতকাল ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হল। বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে। সাংবাদিকরাও এখানে আছেন, নিশ্চয় সকলে স্বীকার করবেন। এর আগেও পাঁচটা সিটি করপোরেশন নির্বাচন হল। সেবারেও যতটুকু ঘটনা ঘটেছে, এবারের নির্বাচন সব থেকে শান্তিপূর্ণভাবে হয়েছে।

“২৭০০ পোলিং সেন্টারের (ভোটকেন্দ্র) মধ্যে মাত্র ঢাকা শহরের দুটি সেন্টার বন্ধ, আর কয়েকটা পোলিং বুথে কিছু কিছু ঘটনা ঘটেছে। কারণ এখানে শুধু মেয়র প্রার্থীরা নির্বাচন করে না, এখানে কাউন্সিলর প্রার্থীরাও নির্বাচন করে, একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকে। কাজেই কিছু কিছু ঘটনা…। সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা গিয়ে ব্যবস্থা নিয়েছে।”

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য জায়গায়ও নির্বাচন ঘিরে যে ‘ঘটনা’ ঘটে তার তুলনায় মঙ্গলবারের ঘটনা ‘অত্যন্ত নগণ্য’ বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “ভোটে কোনো কারচুপি বা কারও ভোট কেড়ে নেওয়া বা কাউকে ভোটে বাধা দেওয়ার কোনো রকম ব্যবস্থা করা হয়নি। কিন্তু আমি জানি না, কী কারণে বিএনপি হঠাৎ করে..আটটায় ভোট শুরু হল এগারোটার দিকে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত দিল।”

কারচুপির যে অভিযোগ তুলে বিএনপি ভোট বর্জন করেছে তা সত্য হলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা এত ভোট পেতেন না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

“কিন্তু যদি নির্বাচন দেখি, তাহলে এই তিন ঘণ্টায়ই ঢাকায় তাদের প্রার্থী তিন লক্ষের উপর ভোট পেয়েছে। চট্টগ্রামেও তাই। তাহলে আমার প্রশ্ন, তারা যে তিন লক্ষ ভোট পেল, যদি কারচুপিই হত, আর কারচুপির কারণেই যদি বর্জন করবে তাহলে এই তিন লক্ষ ভোট পেল কী করে?”

তিন সিটির দুটিতেই বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা সোয়া তিন লাখের বেশি এবং একটিতে প্রায় তিন লাখ ভোট পেয়েছেন।

প্রধানমন্ত্রী বক্তব্যে ১৯৭৮ সালে জিয়াউর রহমানের ‘হ্যাঁ, না’ ভোট, ১৯৭৯ সালে জিয়াউর রহমানের অধীনে সংসদ সদস্য নির্বাচন, ১৯৯৬ সালে বিএনপির অধীনে ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন, মাগুরার উপ-নির্বাচন, মিরপুরের নির্বাচনসহ বেশ কয়েকটি নির্বাচনে ভোট জালিয়াতি ও কারচুপির দৃষ্টান্ত তুলে ধরেন।

তিনি বলেন, “যে কারচুপি তারা করেছে, আমরা অন্তত সেই পরিস্থিতি থেকে অনেক উত্তরণ ঘটাতে পেরেছি।”

বিএনপিকে ভোট দেওয়া নিয়েও কথা বলেন শেখ হাসিনা।

“আমি একটা ব্যাপারে অবাক হয়ে যাই- যেভাবে মানুষকে পোড়াল, তিনমাস ধরে হরতাল-অবরোধ, মানুষের জীবন-জীবিকা বন্ধ, ১৫ লাখ ছাত্রছাত্রী- তাদের ভাগ্য নিয়ে খেলেছে, দোকান-পাট বন্ধ, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, খেটে খাওয়া মানুষ কষ্ট পেয়েছে।   

“এরপরেও কীভাবে এই বিএনপি মানুষ করে, আর বিএনপিকে মানুষ ভোট দেয়; যারা এভাবে মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে সর্বনাশ করে। তারা কীভাবে বিএনপি করে, কীভাবে খালেদা জিয়াকে ভোট দেয়? এদের কি ঘিন্নাপিত্তিও নাই।”

নাম উল্লেখ না করেই বিএনপির একজন শীর্ষ পরামর্শকের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “দেখলাম, একজন সাবেক ভিসি বলছেন, এই রকম খারাপ নির্বাচন নাকি দেখেন নাই। তো উনাকে আমি জিজ্ঞেস করি উনি কি জিয়াউর রহমানের ‘হ্যাঁ-না’ ভোট দেখেন নাই? উনি তার প্রেসিডেন্সিয়াল ভোট দেখেন নাই? ১৯৭৯ সালে তার সংসদ নির্বাচন দেখেন নাই। ১৫ ফেব্রুয়ারি, মাগুরার নির্বাচন, ফালুর নির্বাচন দেখেন নাই? নাকি নিজেদের দোষ দেখেন না।

“এবারে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে। তাদের উদ্দেশ্য ছিল যে, দুই/চারটা খুন-খারাবি করে তারপরে নির্বাচন বয়কট করবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যথেষ্ঠ সচেতন ছিল বলে তারা করতে পারে নাই। নিজেরাই তারা বয়কট করেছে।”

ভবিষ্যতে বিএনপিকে ভোট না দেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।

“মানুষ তাদের আর ভোট দেবে কেন? দেশবাসীকে সেই আহ্বান করব- এই বিএনপির মতো এই ধরনের একটা ‘কুৎসিত’ সংগঠন, যারা মানুষের সর্বনাশ করে, মানুষ পুড়িয়ে মারে, মানুষের পেটে লাথি মারে… এদের বিরুদ্ধে ঘৃণা, ঘৃণা, ঘৃণা। ঘৃণা ছাড়া আর কিছু না।”

অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্বজন ও আহত মিলিয়ে ১৯৩ জনকে আট কোটি ৪১ লাখ টাকার অর্থ সহায়তা দেন প্রধানমন্ত্রী। এছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ির ৬৫ জন মালিককে দুই কোটি ছয় লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।

গত ৫ জানুয়ারি থেকে তিনমাস ধরে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে নিহত-আহতদের পরিবার, ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এখন পর্যন্ত ২৫ কোটি ১০ লাখ ১৩ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।