২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ভোট তো ঘরে বসেও পাব: আনিসুল

নির্বাচনে জয়ী হতে অন্য সব দলের সমর্থকদের ভোটও চাইছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 12:14 AM

Updated : 25 Apr 2022, 01:17 PM

বুধবার মিরপুরে ‘সহস্র নাগরিক কমিটির’ এক সুধী সমাবেশে তিনি বলেন, “যিনি বিএনপি করেন বা যিনি জাতীয় পার্টি করেন, তার ভোট যদি আমি না-ই পেলাম, তাহলে কিসের নেতা হওয়ার জন্য আমি রাস্তায় রাস্তায় হাঁটছি। আওয়ামী লীগের ভোট তো আমি ঘরে বসে থাকলেও আসবে।”

আকস্মিকভাবেই ভোটে লড়াইয়ে নামা এই ব্যবসায়ী বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থন তার জন্য ‘আশীর্বাদ’ ও ‘শক্তি’।

“কেবল এই আশীর্বাদই যথেষ্ট না। মানুষকে যদি কনভিন্স করতে না পারি, তাহলে তাদের কাছে ভোট চাইবার অধিকার নেই।”

টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী আনিসুল হক বলেন, “আমি হাঁটছি আপনাদের সঙ্গে নিজের পরিচয় করানোর জন্য। আমি হাঁটছি যারা আমাকে চেনেন না তাকে আমার জীবনের গল্প বলার জন্য।

“বলা হয়, আমি নাকি বড় লোক। যারা এইসব বলে, তারা জানেন না আমার জীবনের গল্প। তারা জানেন না সংগ্রাম করে ধীরে ধীরে আমি জীবনে হয়ত কিছুটা স্বচ্ছলতা অর্জন করেছি।”

নিজেকে সাধারণ পরিবারের মানুষ দাবি করে এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক এই সভাপতি বলেন, “সাধারণ মানুষের চোখের ভাষা আমি বুঝি। তাদের সুখ-দুঃখের কথা আমি জানি।”

মিরপুর ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই সুধী সমাবেশে সংসদ সদস্য আসলামুল হক, এনামুর রহমান, একরামুল করিম চৌধুরী, সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক, সদস্য সচিব গোলাম কুদ্দুছ, নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, পান্না কায়সার, শ্যামলী নাসরিন চৌধুরী, ইসমত কাদির গামা উপস্থিত ছিলেন।