প্রচারে খালেদা: দুই প্রার্থীকে সতর্ক করল ইসি
খালেদা জিয়ার ভোটের প্রচারের মধ্যেই ঢাকায় বিএনপিসমর্থিত দুই মেয়র প্রার্থীকে ‘তাদের পক্ষে গাড়িবহর ব্যবহার করে আচরণবিধি ভঙ্গের’ বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন।
বুধবার সন্ধ্যায় আলদা চিঠিতে উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণে মির্জা আব্বাসকে এ বিষয়ে সতর্ক করেন দুই সিটির ভোটের দায়িত্বে থাকা দুই রিটার্নিং কর্মকর্তা।
গত কয়েকদিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার বিভিন্ন অংশে ঘুরে ঘুরে দল সমর্থিত দুই প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। সাবেক এ প্রধানমন্ত্রী বর্তমানে সরকারি সুবিধাভোগী না হওয়ায় তার এই ভোটের প্রচারে অংশ নিতে আইনগত বাধা নেই। তবে তিনি যেভাবে গাড়িবহর নিয়ে প্রচারে অংশ নিচ্ছেন তা নিয়েই কমিশনের আপত্তি।
প্রার্থীদের চিঠির কোথাও খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়নি। তবে বিএনপি চেয়ারপারসনই যে ওই চিঠির উপলক্ষ্য, তা নির্বাচনী কর্মকর্তাদের কথায় স্পষ্ট।
ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রার্থীর পক্ষে প্রচারে কেউ যেন গাড়িবহর ব্যবহার না করেন এবং যান চলাচলের বিঘ্ন না ঘটান, সেজন্য সতর্ক করতেই চিঠি দেওয়া হয়েছে।”
ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার নওয়াবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আচরণবিধি পরিপন্থী প্রচার না চালাতেই প্রার্থী মির্জা আব্বাসকে চিঠি দিয়েছেন রিটার্নিং অফিসার। চিঠিটি তার স্ত্রী আফরোজা আব্বাসের কাছেই পৌঁছানো হচ্ছে।”
কমিশন বলছে, ফকিরাপুল ও নয়াপল্টন এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারের সময় গাড়িবহর ব্যবহার করে মূল সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে, যা আচরণবিধির পরিপন্থী।
এ অবস্থায় প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় সংশ্লিষ্টরা যেন ‘আচরণবিধির বিষয়ে সতর্ক থাকেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন’ সে নির্দেশনা দিয়েছেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।
তাবিথ আউয়ালের প্রেস উইংয়ের প্রধান আব্দুল্লাহ আল হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা লোকমুখে শুনেছি, ম্যাডমকে নিয়ে প্রচার চালানোর সময় গাড়িবহর ব্যবহার করা নাকি আচরণবিধি পরিপন্থী হচ্ছে। এ ধরনের চিঠি এখনো আমাদের হাতে পৌঁছেনি।”
তবে গত নির্বাচনী প্রচারের সময় বিএনপি নেত্রীর ওপর হামলার ঘটনা নিয়ে এ পর্যন্ত নয়টি অভিযোগ দিলেও কমিশন তা আমলে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হারুন।
মির্জা আব্বাসের মিডিয়া সেলের প্রধান মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা পর্যন্ত তারা রিটার্নিং কর্মকর্তার ওই চিঠি পাননি।
আচরণ বিধিতে বলা হয়েছে, ‘নির্বাচনের উদ্দেশ্যে পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করতে পারবেন না, বা কোনো মঞ্চ তৈরি করতে পারবে না।
আচরণ বিধি লঙ্ঘন করলে ইসি ৫০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দিতে পারে। ইসি চাইলে প্রার্থিতাও বাতিল করতে পারে।
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ প্রধানমন্ত্রী বিশেষ দূত হওয়ায় দলীয় প্রার্থীর পক্ষে তার প্রচারণাতেও নিষেধাজ্ঞা জারি করে রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার থেকে এরশাদকে আর প্রচারণায় দেখা যায়নি।
