২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরসমস্যার সমাধানে আব্বাসের ১৮০ দিনের কর্মসূচি

স্বল্পমেয়াদে রাজধানীবাসীর বিভিন্ন সমস্যার সমাধানে ১৮০ দিনের কর্মসূচি ঠিক করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2015, 02:57 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

নাশকতাসহ কয়েকটি মামলা মাথায় নিয়ে লোকচক্ষুর আড়ালে থাকা এই বিএনপি নেতার পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস সোমবার জাতীয় প্রেসক্লাবে এই ইশতেহার ঘোষণা করেন।

‘নিরাপদ ঢাকা, পরিচ্ছন্ন ঢাকা চাই’ স্লোগানে এই ইশতেহারে নাগরিক সেবা, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি, সমাজসেবা, জননিরাপত্তা এবং নগর পরিকল্পনা ও প্রশাসন বিষয়ে বিভিন্ন অঙ্গীকারের ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্বাস এর আগে নব্বইয়ের দশকে অবিভক্ত ঢাকার মনোনীত মেয়র হিসাবে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেছিলেন। এবার ঢাকা দক্ষিণের নির্বাচনে মগ প্রতীক নিয়ে লড়ছেন তিনি।  

আদর্শ ঢাকা আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা বলেন, “সিটি নির্বাচন নিরপেক্ষ ব্যানারে হওয়ার নিয়ম রয়েছে। তবে বাস্তবতা হচ্ছে- দলগত কমিটমেন্ট, দায়বদ্ধতা, নীতি-আদর্শ, বিশ্বাস ও ধ্যান-ধারণার আলোকেই আমরা নির্বাচন করতে যাচ্ছি।”

মির্জা আব্বাস মামলা মাথায় নিয়ে প্রকাশ্যে না আসায় গত ৮ এপ্রিল থেকে আফরোজাই তার পক্ষে প্রচার চালাচ্ছেন।

আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আব্বাসের নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির ‍যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।