২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নে ‘বৈষম্য ঘোচানোর’ প্রতিশ্রুতি নাছিরের

চট্টগ্রাম সিটি করপোরেশনের সীমানাসংলগ্ন ওয়ার্ডগুলো অতীতে ‘উন্নয়ন বৈষম্যের’ শিকার হয়েছে মন্তব্য করে নির্বাচিত হলে তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 01:55 AM

Updated : 12 Oct 2022, 03:32 PM

শুক্রবার নগরীর দক্ষিণ মধ্য হালিশহর এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, “করপোরেশনের অর্ন্তভুক্ত হলেও এসব এলাকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। নাগরিক সুযোগ সুবিধার কিছুই নেই। গত পাঁচ বছরে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।”

গত পাঁচ বছর চট্টগ্রামের মেয়র পদে দায়িত্ব পালন করা এম মনজুর আলম এবারো বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন।

মেয়র হতে ভোট চেয়ে আ জ ম নাছির বলেন, “এ অবস্থার পরিবর্তন দরকার। আপনাদের সন্তান হিসেবে প্রান্তিক এলাকাগুলোতে ছুটে এসেছি, আপনাদের অবস্থা দেখতে। মেয়র নির্বাচিত হলে এসব এলাকায় সমন্বিত উন্বয়নের উদোগ নেব।”

দক্ষিণ মধ্য হালিশহরের মুনিরনগর ও ভেল্লা চৌধুরী পাড়ায় গণসংযোগের সময় নাছিরের সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংসদ পঙ্কজ দেবনাথ।

পরে নগরীর চান্দগাঁও এলাকায় গণসংযোগ করেন নাছির। সেখান থেকে মোহরা ওয়ার্ডের মৌলভী পুকুর পাড়, কাপ্তাই রাস্তার মাথা এবং বিসিক শিল্প এলাকায় ভোটারদের কাছে যান।

বিসিক শিল্প এলাকায় নাছির বলেন, “নগরীর শিল্প এলাকাগুলোও উন্নয়নে পিছিয়ে আছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে চাই। সুযোগ পেলে উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামের চেহারা পরিবর্তন করে দেব।”

বিপ্লবীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা

সকালে নগরীর মুসলিম হলে প্রতীক বরাদ্দের অনুষ্ঠান থেকে প্রেস ক্লাবে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের একটি অনুষ্ঠানে যোগ দেন নাছির। সেখান থেকে সকাল সাড়ে ১০টায় তিনি নগরীর মোমিন সড়কে প্রয়াত বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর বাসভবনে যান।

বৃটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিদ্রোহের নেতা সূর্যসেনের সঙ্গী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ২০১৩ সালের ১০ এপ্রিল কলকাতায় চিকিৎাসধীন অবস্থায় মারা যান।

বাসভবনে তার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আ জ ম নাছির। পরে ওই এলাকায় জনসংযোগ করেন।

নাছিরের স্ত্রীও প্রচারণায় 

নাছির যখন নগরীর দক্ষিণ অংশে প্রচারে ব্যস্ত, তার পক্ষে ভোট চাইতে স্ত্রী শিরীন আকতার তখন ঘুরছেন পশ্চিমের ভোটারদের দ্বারে দ্বারে।  

শিরীন শুক্রবার গণসংযোগ করেন শুলকবহর, বাকলিয়া ও চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন অংশে। এর আগে বৃহস্পতিবার পোর্ট কলোনি এলাকায় জনসংযোগ করেন তিনি।

শুক্রবার বিকালে বাদুরতলা জঙ্গি শাহ’র মাজার জিয়ারত করে দিনের প্রচারণা শুরু করেন নাছিরের স্ত্রী। জঙ্গি শাহ লেইন শাহী আবাসিক এলাকায় গিয়ে স্থানীয়দের কাছে স্বামীর জন্য ভোট চান তিনি। 

শিরীন আকতার বলেন, “আমার স্বামী পুরো চট্টগ্রামকেই নিজের পরিবার মনে কেরন। রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে থাকায় তিনি আমাদের সময়ই দিতে পারেন না।

“সকালে সন্তানদের স্কুলে নেওয়া ছাড়া সংসারের আর কোনো কাজে তার অংশগ্রহণ নেই বললেই চলে। এ নিয়ে আমাদের মনে কষ্টও আছে। তবে যখন দেখি তিনি মানুষের জন্য কাজ করছেন তখন সব ভুলে যাই।”

পরে নগরীর বহদ্দারহাট খাজা রোড ও বলির হাট এলাকাতেও গণসংযোগ করেন শিরীন।