২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে নামলেন মাহি-ববি

ঢাকা উত্তর নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস নিয়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালালেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 09:54 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

প্রথমদিন প্রচারণার মাঠে দেখা না গেলেও দ্বিতীয় দিন সরব উপস্থিতি ছিল বিকল্প ধারার মাহি বি চৌধুরী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বহিষ্কৃত উপদেষ্টা ববি হাজ্জাজকেও।

‘স্বপ্নের ঢাকা’ স্লোগানে প্রথম দিনের মতো প্রচারণায় নেমেছেন ববি হাজ্জাজ। বুধবার তিনি গণসংযোগ করেছেন মিরপুর দরবার শরিফ, গুলশান ও মহাখালী কড়াইল বস্তি এলাকায়।

এ সময় ভোটারদের জলাবদ্ধতা সমাধান, দরিদ্র জনগোষ্ঠীর জন্য মোবাইল ক্লিনিক ব্যবস্থা ও কমিউনিটি ক্লিনিকের আরও আধুনিকায়নসহ চিকিৎসক বাড়ানো আশ্বাস দেন তিনি।

সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রচারে নামেন মাহি। সংবাদ সম্মেলনে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমর্থন চান তিনি।

প্রথমদিন মাহি গণসংযোগ করেছেন মহাখালী টিঅ্যান্ডটি কলেজ, বনানী ব্রিজ মার্কেট এবং কড়াইল বস্তি এলাকায়।

এদিকে প্রচারণার দ্বিতীয় দিন মিরপুর, গাবতলী, পাইকপাড়া, দারুস সালাম, মিরপুর কলোনি ও বাংলা কলেজ এলাকায় প্রচার চালিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

Image
প্রচারে আনিসুল হক

প্রচারে আনিসুল হক

প্রচারণা চালানোর সময় ভোটারদের বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আধুনিক নগরী গড়ার অঙ্গীকার করতে শোনা যায় তাকে।

আনিসুল সাংবাদিকদের বলেন, ঢাকার অনেকগুলো সমস্যা আছে যেগুলো সমাধান করা উচিত। শহরের প্রধান সমস্যা হল অপরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনায় গলদ ও নিরাপত্তাহীনতা।

“নারীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, এ জন্য ভালো পরিবহন ব্যবস্থা প্রয়োজন। আমি দায়িত্ব পেলে এ সকল সমস্যা সমাধানে ভূমিকা রাখব।”

ব্যবসায়ী আনিসুলের প্রচারে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও দেখা গেছে।

প্রথম দিন আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে প্রচার সীমাবদ্ধ রাখলেও দ্বিতীয় দিন উত্তরার বিভিন্ন এলাকায় গণসংযোগে নামেন সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী।

Image
প্রচারে কাফি রতন

প্রচারে কাফি রতন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা আব্দুল্লাহ আল কাফি রতন দ্বিতীয় দিনের মতো প্রচারণায় নামেন রাজধানীর কারওরান বাজার রেলবস্তি, কাঁচাবাজার ও এফডিসি এলাকায়।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার আশ্বাস দিয়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণায় ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি।

রায়েরবাজার বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বসিলা মোড়, মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট এলাকায় প্রচার চালান তিনি।

এসব এলাকার সমস্যা শুনে মেয়র হলে কিভাবে তার সমাধান করবেন, তা ভোটারদের জানান সাকি।

জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদের দ্বিতীয় দিনের প্রচারণা ছিলো বাড্ডা এলাকায়। বৃহস্পতিবার তিনি প্রচার চালাবেন শ্যামলী ও আদাবর এলাকায়।

৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আগামী ২৮ এপ্রিল নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দেবেন তারা।