২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচনের জন্য বিএনপির ‘আদর্শ ঢাকা আন্দোলন’

সরকারবিরোধী আন্দোলনের মধ্যে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ গঠন করেছে বিএনপি, যে ফোরাম থেকে প্রার্থী সমর্থন দেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 11:01 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

দশম সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগের বর্তমান সরকারকে ‘অবৈধ’ বলে আসা বিএনপি অনেকটা কৌশলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনে অংশ নিচ্ছে।

অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ নেতৃত্বাধীন ‘শত নাগরিক কমিটি’র ব্যানারে প্রার্থী সমর্থন দেওয়ার কথা আলোচনায় উঠলেও তা নিয়ে বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতারা আপত্তি তোলেন বলে গণমাধ্যমে খবর আসে।

এর মধ্যেই মঙ্গলবার রাতে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ গঠনের ঘোষণা আসে, যাতে আহ্বায়ক হয়েছেন শত নাগরিক কমিটির অধ্যাপক এমাজউদ্দীন, আর সদস্য সচিব করা হয়েছে পেশাজীবী পরিষদের নেতা শওকত মাহমুদকে।

২৮ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ২০ দিন আগে অধ্যাপক এমাজউদ্দীনের স্বাক্ষরে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ প্যাডে পাঠানো বিবৃতিতে এই ফোরাম গঠনের ঘোষণা দেওয়া হয়।

সদস্য সচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানী ঢাকাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে আমরা এই মঞ্চ গঠন করেছি। আসন্ন সিটি নির্বাচন যাতে সবার অংশগ্রহণের সুযোগ হয়, সেজন্য আমরা কাজ করব।

“একই সঙ্গে দুটি সিটি নির্বাচনে ভোটাররা যাতে সঠিক ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে সেজন্য আমরা ভোটারদের কাছে প্রচারণা চালাব, তাদের উদ্ধুদ্ধ করব।”

চট্টগ্রামে বিএনপি মেয়র পদে এম মনজুর আলমকে সমর্থন দিয়েছে। তিনি চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। 

‘আদর্শ ঢাকা আন্দোলন’ ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দেবে। তাদের শ্লোগান হচ্ছে- ‘নিরাপদ ঢাকা চাই, পরিচ্ছন্ন ঢাকা চাই’।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমর্থন দেওয়ার কথা অধ্যাপক এমাজ আগেই জানিয়েছিলেন।

ঢাকা উত্তরের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেখানে আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল হলেও তার ছেলে তাবিথ আউয়ালে মনোনয়নপত্র বহাল রয়েছে। বিএনপিঘনিষ্ঠ বিকল্পধারার মাহি বি চৌধুরীও মেয়র পদে প্রার্থী হয়েছেন। 

আদর্শ ঢাকা আন্দোলনের আংশিক কমিটি গঠন হয়েছে জানিয়ে আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।

ফোরামের কোষাধ্যক্ষ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহকে, দপ্তর সম্পাদক হয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

Image
সিটি নির্বাচনকে কেন্দ্র করে সিইসির সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক এমাজউদ্দীনরা

সিটি নির্বাচনকে কেন্দ্র করে সিইসির সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক এমাজউদ্দীনরা

যুগ্ম আহ্বায়করা হলেন- রুহুল আমিন গাজী, আ ন হ আখতার হোসেন, ডা. এ কে এম আজিজুল হক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, অ্যাডভোকেট মাহবুবউদ্দিন খোকন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ড. সিরাজুল ইসলাম, সাংবাদিক নেতা কামালউদ্দিন সবুজ ও আবদুল হাই শিকদার, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, অধ্যাপক তাহমিনা আক্তার, রফিকুল ইসলাম, জাকির হোসেন, বিজয় কান্তি সরকার, এলবার্ট পি কস্টা ও এম এ সবুর।

১৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এর সদস্যরা হলেন- অধ্যাপক এম এ মাজেদ, বিচারপতি এম এ রউফ, খন্দকার মাহবুব হোসেন, আসাফ-উদ-দৌলা, জাফরুল্লাহ চৌধুরী, এম এ হালিম, অধ্যাপক আ ফ ম ইউসুফ, অধ্যাপক সদরুল আমিন, গোলাম সারোয়ার, মাহফুজউল্লাহ, এম এ কাইয়ুম, ইব্রাহিম খলিল ও অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম।

১৩ সদস্যের একটি প্রচার কমিটিও করা হয়েছে। এই কমিটিতে আছেন- মাহফুজউল্লাহ, হারুন-অর-রশিদ, রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক আখতার হোসেন, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, অধ্যাপক মামুন আহমেদ, কাদের গনি চৌধুরী, বশীর আল হেলাল, এস আল মামুন, হুমায়ুন কবীর, শেখ শফি শাওন ও কাজী আসাদুজ্জামান মামুন।

লাগাতার অবরোধ ডেকে দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার অবস্থানের মধ্যে কার্যত অধ্যাপক এমাজউদ্দীনসহ পেশাজীবী নেতাদের তৎপরতার পরই বিএনপিকে সিটি নির্বাচনে দেখা যাচ্ছে।

পুরনো খবর:

ইসির কাছে এমাজউদ্দীনদের ছয়টি চাওয়া
স্লোগান ‘হাইজ্যাক’ করছে বিএনপি: সিপিবি
বিএনপি ভোটে ‘থাকবে’
ঢাকায় বিএনপির প্রার্থী ‘চূড়ান্ত হয়নি’