আদালতে খালেদা
দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজের আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি আদালতে পৌঁছান বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানান।
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় টানা কয়েকটি ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই আদালত।
এরপর পরোয়ানা প্রত্যাহারে খালেদার পক্ষ থেকে আবেদন করা হলে গত ৪ মার্চ তা নাকচ করেন বিচারক। রোববার ওই দুই মামলার শুনানির হওয়ার কথা।
আদালতে জামিন মঞ্জুর হলে খালেদা জিয়া সেখান থেকে সরাসরি গুলশানের বাসায় যাবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ৯৩ দিন আগে ৩ জানুয়ারি নিজের বাসা থেকে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন তিনি। এরপর আর কার্যালয় থেকে বের হনিন বিএনপি নেত্রী।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে গুলশানের কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন।
