প্রার্থী হচ্ছেন না আমীর খসরু
দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে নিজে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সিসিসি নির্বাচনে বিএনপি বা ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে রোববার রাতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
আওয়ামী লীগ ইতিমধ্যে দলের নগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে মেয়র পদে সমর্থন দিয়েছে।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর গত বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে।
বিএনপিসমর্থিত অনেকেই ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি।
আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত হলে আমরা স্থানীয়ভাবে প্রার্থী ঠিক করবো।
দলের পক্ষ থেকে যাকেই প্রার্থী করা হবে তার পক্ষে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তিনি।
দলের পক্ষ থেকে নিজের অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দুইবারের সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে আমার নেই।
“স্থানীয় সরকারের জন্য যারা যোগ্য তারাই অংশ নেবে।”
ইতিমধ্যে বর্তমান মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মনজুর আলম নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ‘দল ও ম্যাডামের’ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন।
এছাড়া নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনও মেয়র নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
কিন্তু সবকিছুই নির্ভর করছে ঢাকা ও চট্টগ্রামে তিন সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তার উপর।
আমীর খসরু বলেন, “সিদ্ধান্ত হলে আমরা অংশ নেব এবং আমাদের প্রার্থী গতবারের চেয়েও অনেক বেশি ভোটের ব্যবধানে সরকারদলীয় প্রার্থীকে পরাজিত করবে।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকার দুটির সাথে চট্টগ্রাম সিটির নির্বাচনও হবে। ২৯ মার্চ পর্যন্ত আগ্রহী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির আগামী ২৯ মার্চ মনোনয়ন পত্র জমা দেবে বলে সাংবাদিকদের জানিয়েছে। এছাড়া তিনি ও তার দল নির্বাচনী প্রস্তুতিও এর মধ্যে শুরু করে দিয়েছেন।
২০১০ সালের ১৭ জুন সিসিসি নির্বাচনে এম মনজুর আলম বিএনপির সমর্থন নিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র হন।
