এবারও প্রার্থী হচ্ছেন তানভীরপুত্র ইরাদ
বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছেন।
শনিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চৌধুরী তানভীর ছেলের পক্ষে মনোনয়নপত্র কেনেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী হতে আনিসুল হকসহ অনেকে ঘোষণা দিলেও ইরাদই প্রথম মনোনয়নপত্র কিনলেন।
রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুর পর্যন্ত মেয়র পদে একজনের মনোনয়নপত্র সরবরাহ করা হয়েছে। তানভীর সিদ্দিকী নিয়ে গেছেন এ মনোনয়নপত্র।”
তবে সম্ভাব্য অনেক প্রার্থী এসে নিয়ম-কানুন জেনে যাচ্ছেন বলে রিটার্নিং কর্মকর্তা জানান। ২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া যাবে।
তানভীর সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আমার ছেলে উত্তরে প্রার্থী হবে। কোনো দলের সমর্থনে নয়, স্বতন্ত্র হিসেবে থাকবে। আমার সঙ্গেও দলের সম্পর্ক নেই।”
ইরাদ সিদ্দিকী
২০১২ সালে ঢাকা সিটি কর্পোরেশনের স্থগিত নির্বাচনেও মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইরাদ সিদ্দিকী।
ইরাদ তার আগে অভিযোগ তুলেছিলেন, বিএনপির সমর্থন দেওয়ার বিনিময়ে খালেদা জিয়া তার কাছে অর্থ চেয়েছিলেন।
তার ওই অভিযোগকে কেন্দ্র করে স্থায়ী কমিটির সদস্য তানভীর সিদ্দিকীকে বহিষ্কার করে বিএনপি। তানভীর গাজীপুরের সংসদ সদস্য ছিলেন।
সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া এখনও অনিশ্চিত।
ঢাকা উত্তরে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ব্যবসায়ী নেতা আনিসুল হক। এই দল থেকে সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারও প্রার্থী হতে চান।
জাতীয় পার্টি থেকে বাহাউদ্দিন আহমেদ বাবলু ও ববি হাজ্জাজ এবং সিপিবি থেকে কাফি রতন ঢাকা উত্তরে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
