২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীরকে বের করে দিল বিএনপি

জ্যেষ্ঠ নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী আর বিএনপি-তে নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

মঙ্গলবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের সব পদ থেকে 'অব্যাহতি' দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের চেয়ারপার্সনের সমালোচনা করে ছেলের বিতর্কিত মন্তব্যের জেরে ১১ সদস্যের স্থায়ী কমিটির অন্যতম সদস্য তানভীর  সিদ্দিকীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

দলের শীর্ষ নেতৃত্ব দৃশ্যত সৌজন্যের খাতিরে 'বহিষ্কার' শব্দটি ব্যবহার করেননি।

চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে ওই বৈঠক চলাকালে রাত ১০ টায় দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, "দলের গঠনতন্ত্রের ৫ (ঘ) ধারা বলে চৌধুরী তানভীর আহমেদ  সিদ্দিকীর স্থায়ী কমিটির সদস্যপদ, দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

বৈঠক তখনো চলছে জানিয়ে রিজভী বলেন, "দলের আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। সেগুলো মহাসচিব বুধবার গণমাধ্যমকে জানাবেন।"

রিজভী আহমেদ জানান, তানভীর কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন স্থায়ী কমিটির বৈঠকে তা পর্যালোচনা করে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মতিন চৌধুরী, ড. আর এ গণি, খন্দকার মাহবুবউদ্দিন আহম্মাদ, এম শামসুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান।

মওদুদ আহমদ বৈঠকে অনুপস্থিত ছিলেন।

গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা ৭টা ৫০ এ বৈঠক শুরু হয়।

চৌধুরী তানভীর ছেলের মন্তব্যের প্রতিবাদ করে এ ব্যাপারে তার দ্বিমত পোষণ করেছিলেন। তিনি এ-ও বলেছিলেন ছেলের দোষে বাবাকে শাস্তি দেওয়া সঙ্গত নয়।

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তানভীর বলেন, ''আমার নেত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার সম্পর্কে ইরাদ যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন ও অসত্য। এতে আমি মর্মাহত। এ রকম বক্তব্যে আমার দলের ভাবমূর্তি দারুণভাবে নষ্ট হয়েছে। ছেলের বক্তব্যে আমি মর্মাহত ও এর তীব্র নিন্দা জানিয়েছি। দলের কারণ দর্শানো নোটিশের জবাবে আমি বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করেছি।''

গত সোমবার চৌধুরী তানভীরের বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী এক সংবাদ ব্রিফিংয়ে নিজেকে ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করে অভিযোগ করেন, খালেদা জিয়া মনোনয়নের জন্য তার কাছে টাকা চেয়েছেন।

ইরাদ এসময় বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক মেয়র মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ও সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধেও দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ তোলেন।

আওয়ামী লীগ নেতা ও ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেন তিনি।

এতে বিএনপির শীর্ষ পর্যায়সহ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চৌধুরী তানভীর ও ইরাদের কুশপুত্তলিকা দাহ এবং তানভীরের বহিষ্কার দাবি করে বিক্ষুব্ধ কর্মীরা।

গত ১০ মার্চ খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- সে জন্য ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়।