হরতাল বাড়িয়ে বুলুর নামে বিবৃতি
লাগাতার অবরোধের মধ্যে হরতাল আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়িয়ে বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলুর নামে একটি বিবৃতি এসেছে গণমাধ্যমে।
মঙ্গলবার গণমাধ্যমে আসা এই বিবৃতিতে হরতাল ডাকার কারণ হিসেবে বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের অন্তর্ধানকে কারণ দেখানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করছি।”
হরতালের মধ্যেই বৃহস্পতিবার সারাদেশে ২০ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া শুক্রবার সারাদেশে মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে সালাহ উদ্দিনের জন্য প্রার্থনা সভা হবে বলেও বলা হয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর ফেব্রুয়ারির শুরু থেকে সপ্তাহের পাঁচ দিন হরতাল দিচ্ছে ২০ দল।
হরতাল-অবরোধে এসএসসি পরীক্ষা পেছালেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এবং অফিস-আদালত খোলাই থাকছে। সড়ক, নৌ ও রেলপথে চলাচলও রয়েছে।
অবরোধের ৬৪তম দিনে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর অজ্ঞাত স্থানে থেকে সালাহ উদ্দিনের নামে পাঠানো বিবৃতিতে হরতালের বার্তা দেওয়া হচ্ছিল।
গত ১০ মার্চ সালাহ উদ্দিন নিখোঁজ হওয়ার পর এখন বার্তা আসতে শুরু করেছে বিএনপির আরেক যুগ্মমহাসচিব ও সাবেক সংসদ সদস্য বুলুর নামে।
সালাহ উদ্দিনকে রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশের পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় বলে তার দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের বিষয়টি নাকচ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়নি, তবে তাকে খুঁজে পেলে গ্রেপ্তার করা হবে।
সালাহ উদ্দিনে সন্ধান দাবিতে তার স্ত্রী হাসিনা আহমেদ হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন। তার দাবি, গোয়েন্দা পুলিশই তার স্বামীকে ধরে নিয়ে গেছে।
