হরতালের বার্তা এবার বুলুর নামে বিবৃতিতে
টানা অবরোধের সঙ্গে আবারও ৭২ ঘণ্টা হরতালের বার্তা দিয়ে একটি বিবৃতি এসেছে গণমাধ্যমে। সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর এবারের বিবৃতিটি এসেছে বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলুর নামে।
শনিবার পাঠানো এই বিবৃতিতে রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। আগের দাবির সঙ্গে সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদও এর সঙ্গে যুক্ত হয়েছে।
বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিনকে গত মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে পুলিশের পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় বলে তার দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের বিষয়টি নাকচ করেছে। তার সন্ধানের দাবিতে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে। তাতে আদালত তাকে খুঁজে বের করতে রুল দিয়েছে।
খালেদা জিয়ার কার্যালয়ে অবস্থানের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর গত জানুয়ারি শেষে দিক থেকে গোপন স্থানে থাকা সালাহ উদ্দিনের নামেই হরতালের বিবৃতি আসছিল।
সালাহ উদ্দিন নিখোঁজ হওয়ার পর এখন দৃশ্যপটে এলেন নোয়াখালীর সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বরকতউল্লাহ বুলু। তবে তিনি কোথায় আছেন, তা-ও জানা যায়নি।
অজ্ঞাত স্থানে থেকে বিএনপি নেতাদের নামে এভাবে বিবৃতি পাঠিয়ে কর্মসূচি ঘোষণা করাকে ‘জঙ্গি স্টাইল’ বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপি বলছে, সরকারের দমন-পীড়নের মুখে নেতারা ‘বাধ্য হয়ে’ অন্তরালে।
বরকতউল্লাহ বুলু
বুলুর নামে পাঠানো এই বিবৃতিতে বলা হয়েছে, “চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী অবরোধ পালনের পাশাপাশি গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায়ভাবে রিমান্ডে নেওয়া ও বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার আশু মুক্তির দাবিতে রোববার ভোর ৬টা থেকে আগামী বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টার অবিরাম হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডাকেন খালেদা জিয়া। এরপর ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটির দুই দিন বাদে প্রতিদিনই হরতাল ডাকা হচ্ছে ২০ দলের পক্ষ থেকে।
হরতাল-অবরোধে এসএসসি পরীক্ষা পেছালেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এবং অফিস-আদালত খোলাই থাকছে। সড়ক, নৌ ও রেলপথে চলাচলও রয়েছে।
অবরোধের ৬৪তম দিনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন।
