খালেদা জিয়ার ফাঁসি চায় জাসদ
বিএনপি জোটের চলমান অবরোধ-হরতালে শতাধিক মানুষ খুনের দায়ে খালেদা জিয়ার ফাঁসি দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাসদ কার্যালয়ের সামনে সমাবেশে এই জানান দলের নেতাকর্মীরা।
পরে হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর জাসদ।
সমাবেশে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগুন-সন্ত্রাসের নেত্রী খালেদার বিচার ও ফাঁসির ব্যবস্থা করে তাকে ধংস করা ছাড়া আর কোনো পথ খোলা নাই।
তিনি বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার পর গোলাম আজম ও নিজামীকে সাথে নিয়ে বাংলাদেশকে আক্রমণ করেছিল। এখনও এর পুনরাবৃত্তি করছে খালেদা।
বাংলাদেশকে কেউ আক্রমণ করলে পরিণতি একাত্তরের মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মিছিলের শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার চেয়ে ‘খুনি খালেদার রেহাই নাই, ফাঁসি চাই ফাঁসি চাই’, ‘বাংলাদেশকে রক্ষা করব, খুনি খালেদার বিচার করব’ বলে স্লোগান ধরেন মন্ত্রী।
মহানগর জাসদের সভাপতি মীর হোসেন আক্তার সমাবেশে সভাপতিত্ব করেন।
