হাসিনা-খালেদা ‘গরম পীরের মাজার’: হাজি সেলিম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গরম পীরের মাজার’ আখ্যা দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কছে প্রশ্ন করতে গিয়ে সেলিম এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থানায় যেতে কতদিন লাগে? ২০০১ সালে আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত গতিতে থানায় চলে যেত। এখন কেন যায় না?
“বাংলাদেশে দুজন গরম পীর আছেন। একজন প্রধানমন্ত্রী, অন্যজন খালেদা জিয়া। এদের যে কোনো একজনের গায়ে হাত দিলে পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। সেজন্যই কি যায় না? এদের গায়ে হাত দিয়ে এক-এগারো সফল হতে পারেনি।”
হাজি সেলিম সরকারের উদ্দেশে বলেন, “দয়া করে শ্যোন অ্যারেস্ট বন্ধ করেন। মানুষ বহু কষ্টে জামিন পায়। তারপর আবার গ্রেপ্তার দেখানো হয়। এটা পরিবারের জন্য যন্ত্রণাদায়ক। যা করার একবারেই করেন।”
জবাবে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “এই প্রশ্নটি আমাকে না করে আইন মন্ত্রণালয়কে করলে ভালো হতো। খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন। আদালতের পরোয়ানা থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হবে।”
