২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোংরা রাজনীতিমুক্ত ঢাকা চান সাঈদ

নির্বাচনে জয়ী হলে ঢাকাকে আবর্জনার পাশাপাশি ‘নোংরা রাজনীতিমুক্ত’ শহর হিসেবে গড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাঈদ খোকন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 09:53 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

রোববার পুরান ঢাকার নাজিরা বাজারে নিজ বাসায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, “ঢাকাকে একটি পরিকল্পিত নগরী গড়ে তুলতে যা যা করা প্রয়োজন তা করবো। ঢাকাকে শুধু আবর্জনা নয়, নোংরা রাজনীতিমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে চাই।”

এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি খোন্দকার তারেক রায়হান ও সাধারণ সম্পাদক সাকির মজুমদার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যাতে উত্তরের লড়বেন ব্যবসায়ী আনিসুল হক এবং দক্ষিণে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। 

আট বছর ধরে ঝুলে থাকা ডিসিসি বর্তমানে অনির্বাচিত প্রশাসক দিয়ে চলছে। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে নির্বাচনের দাবি দীর্ঘদিনের।

বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধ-হরতালের আন্দোলনের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আগামী এপ্রিল-মে মাসের দিকে করার পরিকল্পনা করছে ইসি।

পুরনো খবর:

উত্তরে আনিসুল, দক্ষিণে খোকন