বগুড়ায় মিছিলে স্বেচ্ছাসেবক দলের দুই নেত্রীর মারামারি
বগুড়া শহরে মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের দুই নেত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
শনিবার সকালে শহরের মফিজ পাগলার মোড়ে বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা সুরাইয়া জেরিন রনি ও মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা সোহেলী মাহমুদ পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে দলের নারী নেত্রীদের সামনে রেখে মিছিলটি শহরের রিয়াজ কাজী লেন থেকে বের হয়। মফিজ পাগলার মোড়ে এসে দাঁড়ানো নিয়ে সুরাইয়া ও সোহেলীর মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়।
এবিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ও গাবতলী উপজেলার ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটা (সোহেলী) বেয়াদব। মিছিলের সামনে একটি মেয়েকে জায়গা ছেড়ে দিতে বলে সে তার হাত টানাটানির পাশাপাশি গালিগালাজ করতে থাকে। তাকে নিষেধ করলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে। এসময় আমাদের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
“ওই মেয়েটা (সোহেলী) প্রায় প্রতিদিনই মিছিলে এসে এরকম ঝামেলা বাঁধায়।”
তবে সুরাইয়ার বিরুদ্ধে উল্টো অভিযোগ করে সোহেলী মাহমুদ বলেন, “রনি আমার সঙ্গে বারবার হিংসাত্মক কাজ করে। আমি মিছিলের মাঝে দাঁড়াতে গেলেই সে মহিলাদের সরিয়ে নেয়। ফটোসেশনে আমাকে বাদ দেওয়ার জন্যেই এসব করে।”
