২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার হরতালের বার্তা দিয়ে বিবৃতি

আগের দুই সপ্তাহে ছুটি বাদে প্রতিদিনই হরতাল করার পর বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে নতুন করে ৭২ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 06:28 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে পাঠানো ওই বার্তায় বলা হয়, ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল হবে। পাশাপাশি অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

গত দুই সপ্তাহের শুরুতে একইভাবে রবি থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডেকে বিবৃতি পাঠানো হয়, যা পরে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অবরুদ্ধ অবস্থা থেকে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন। পরে পুলিশ পাহারা সরিয়ে নেওয়া হলেও এখনও গুলশানের ওই কার্যালয়ে রয়েছেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের পক্ষ থেকে অবরোধের মধ্যেই হরতালের ডাক দিয়ে এই বিবৃতি আসছে। ফলে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

এবারের হরতালের বার্তায় আগের মতোই সালাহ উদ্দিনের নামে একটি স্বাক্ষর কেটে এনে বসানো হয়েছে। বিএনপি বা ২০ দলীয় জোটের অন্য কোনো নেতা এই হরতালের বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেননি।

গত ৩১ জানুয়ারি বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে যুগ্মমহাসচিব সালাহ উদ্দিনের নামে জোটের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে আসছে। তবে গত কয়েক সপ্তাহের মধ্যে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।