বিএনপিকে সমাবেশের অনুমতি নয়: হানিফ
আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, চলমান হরতাল-অবরোধে সহিংসতা ও নাশকতার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওয়তায় এনে শাস্তি দেওয়ার আগ পর্যন্ত বিএনপিকে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।
নাশকতার বিরুদ্ধে মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা মোটর মেকানিক ইউনিয়নের সমাবেশে একথা বলেন ক্ষমতাসীন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
গত ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশে বাধা পাওয়ার পর সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখনও চলমান ওই কর্মসূচিতে নাশকতায় প্রায় একশ মানুষ নিহত হয়েছেন।
নাশকতার জন্য বিএনপির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাকে আসামি করে মামলা হয়েছে। কয়েকটি মামলায় হুকুমের আসামি করা হয়েছে খালেদা জিয়াকেও।
হানিফ বলেন, “ইদানীং শুনছি, অনেকেই বলছেন যে যদি সহিংসতার জন্য মাফ চেয়ে বিএনপি হরতাল-অবরোধ প্রত্যাহার করে নেয়, তাহলে তাদের সমাবেশ করতে দেওয়া যেতে পারে।
“গত দেড় মাসে পেট্রোল বোমায় ৮৭টি মানুষের প্রাণ ঝরে গেছে, আহত হয়েছে হাজারের ওপর। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার গরিব মেহনতী মানুষ। জনগণ চায়, হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।”
“জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আইন তার নিজস্ব গতিতে চলবে। যতদিন এইসব হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকর না হয়, ততদিন পর্যন্ত বাংলার মাটিতে তাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।”
সংলাপের আহ্বান জানিয়ে বিকল্প ধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তাকে বিএনপি থেকে বের করে দেওয়ার ঘটনাটিও তুলে ধরেন আওয়ামী লীগ নেতা।
“আপনার কি আদৌ লজ্জাবোধ আছে? যখন রাষ্ট্রপতির পদ থেকে বরখাস্ত হলেন, তখন লজ্জা হয়নি? যখন রেললাইনের ওপর দিয়ে দৌড়াচ্ছিলেন, তখন লজ্জা লাগেনি? এখন যে দালালি করছেন, লজ্জা লাগছে না? লজ্জা থাকলে এত কিছুর পরও দালালি করতেন না।”
সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য শফি উল্ল্যা শফিও বক্তব্য রাখেন।
