খালেদা ধ্বংসের নেত্রী: মুক্তিযুদ্ধ মন্ত্রী
খালেদা জিয়াকে ধ্বংসের নেত্রী আখ্যায়িত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ‘সমান্তরালে’ দেখার অবকাশ নেই।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘প্রজন্ম ৭১’ নামক সংগঠনের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মোজাম্মেল হক বলেন, “যারা দুই জনকে প্যারালাল করার চেষ্টা করেন তাদের প্রতি আমার নিন্দা।”
বিএনপি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ধ্বংসলীলা থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য সন্ত্রাসীদের সঙ্গে কোন আলোচনা নয়। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এদের নির্মূল করা হবে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, স্ব-ইচ্ছায় নির্বাচনের ট্রেইন মিস করেছেন, এখন ৩ বছর ১১ মাস অপেক্ষা করুন। তারপর নির্বাচন হবে আপনারা (বিএনপি) সন্ত্রাস ছেড়ে গণতান্ত্রিক দল হতে পারলে আলোচনাও হতে পারে।
বাংলাদেশে পাকিস্তান হাই কমিশনকে অবাঞ্চিত ঘোষণা করার দাবি জানিয়ে মোজাম্মেল হক বলেন, তারা এ দেশকে তাদের দেশের মত একটি জঙ্গি রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে। তাদের দোসর বিএনপিকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য অর্থায়ন ও মদদ দিচ্ছে।
প্রজন্ম ৭১’ এর সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ মইনুদ্দিন, গোলাম দস্তগির, আনিসুর রহমান আনিস সহ প্রমুখ।
