সহিংসতা বন্ধে সংলাপের বিকল্প নেই: ড. কামাল
চলমান সন্ত্রাস-সহিংসতা বন্ধে জাতীয় সংলাপের কোনো বিকল্প নেই বলে মনে করেন ড. কামাল হোসেন।
তিনি বলেছেন, “২০০৭ সালে ‘সংস্কার’ শব্দটিকে একটি খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল। ‘সংস্কারবাদী’ খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল। এখন ‘সংলাপ’ শব্দটিকে খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। সংস্কার, সংলাপ কোনো খারাপ শব্দ নয়।”
জাতীয় সংলাপের দাবিতে নাগরিক ঐক্যের আয়োজনে গণঅবস্থান কর্মসূচিতে এ কথা বলেন গণফোরাম সভাপতি।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
ফাইল ছবি
বর্তমান সরকার ১৬ কোটি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেও মন্তব্য করেন তিনি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “আমরা প্রথমেই দেশব্যপী সহিংসতা, নাশকতার বিরোধিতা করছি। আমরা সহিংসতা-নাশকতা চাই না, আমরা শান্তি চাই। আমরা মনে করি এর জন্য সংলাপের বিকল্প নাই।”
“যারা পেট্রোল বোমা মেরে, মানুষ পুড়িয়ে আন্দোলন করতে চান, তারা আন্দোলনের মানেই বোঝেন না।”
তবে গণতান্ত্রিক অধিকার হরণের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি।
তার মতে, “দেশে মত প্রকাশের স্বাধীনতা থাকলে পরিস্থিতি আজকের পর্যায়ে পৌঁছাতো না।”
হরতাল অবরোধে আর্থিক লোকসানের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত ৪০ দিনের হরতাল-অবরোধ কর্মসূচিতে ১৭০ হাজার কোটি টাকার আর্থিক লোকসান হয়েছে, যা দেশের জাতীয় বাজেটের অর্ধেক। আরও এক মাস এই অবস্থা চললে দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে।
জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আসম আব্দুর রব বলেন, “রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। সংলাপে না বসলে এর সমাধান করবেন কীভাবে?”
অবস্থান সমাবেশটি সঞ্চালনা করেন মোস্তফা মহসিন মন্টু।
এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, সৈয়দ আবু জাফর আহমেদ, আব্দুল মালেক রতন প্রমুখ।
