২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা রাজনীতি ছাড়লেই সমাধান: মুহিত

বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনীতি ছেড়ে দিলেই ‘সব সমস্যার সমাধান’ হয়ে যাবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 06:07 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

শনিবার ঢাকায় ‘চলমান সহিংসতা ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, “৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। সেই নির্বুদ্ধিতার প্রায়শ্চিত্ত করতে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এতে তার প্রায়শ্চিত্ত হতে পারে না। প্রায়শ্চিত্ত হতে পারে একমাত্র আপনি যদি রাজনীতি ছেড়ে দিন।’’

মুহিতের মতে, খালেদার রাজনীতি ছেড়ে দেওয়াই বাংলাদেশের জন্য এখন ‘সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার’।  আর তার অনুসারীরা যখন এটি বুঝতে পারবেন, তখনই দেশের ‘সব সমস্যার সমাধান’ হয়ে যাবে।

গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে টানা অবরোধ চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন জোট চলতি ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই হরতাল করে আসছে। এ কর্মসূচির কারণে চলমান এসএসসি পরীক্ষা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। অন্যান্য পর্যায়েও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।   

ঢাকা ‍বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত সেমিনারে মুহিত বলেন, “সহিংসতা কোনো রাজনৈতিক আন্দোলন নয়; এটা দেশবিরোধী, জনগণবিরোধী। এই আন্দোলনের কোনো এজেন্ডা নেই।”

বর্তমানে দেশের উন্নয়ন ‘সহ্য করতে’ পারছেন না বলেই খালেদা জিয়া ‘দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

খালেদার কর্মকাণ্ডকে রাষ্ট্রদ্রোহের সঙ্গে তুলনা করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

প্রধানমন্ত্রীর ‍উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‍“এর আগে যেসব সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হয়েছে তার সঙ্গে এবারের কর্মকাণ্ডের একটি বড় পার্থক্য রয়েছে। পার্থক্যটা হল এই, এবার এটি আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। এই আততায়ী সন্ত্রাসের সঙ্গে কোনো সমঝোতা নয়।”

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, সহিংসতা বন্ধে সরকার ‘সর্বোচ্চ চেষ্টা’ করছে। অথচ ‘তথাকথিত কিছু সুশীল’ সংলাপের কথা বলছেন।

সংলাপের পক্ষের লোকদের উদ্দেশে তিনি বলেন, “এই সহিংসতা বন্ধের জন্য সংলাপের কথা বলেন, আর সহিংসতা চলতে থাক। আপনাদের দোষীকে দোষী বলতে হবে। মাঝামাঝি অবস্থান নেওয়ার সুযোগ নাই। তাহলে দোষীরা মনে করবে তার পক্ষে সমর্থন আছে।”

জার্নি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দেশের চলমান পরিস্থিতি ও শিক্ষা নিয়ে এই সেমিনারের আয়োজন করে।

ডাকসুর সাবেক ভিপি এবং বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সেমিনারে বক্তব্য দেন।