২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়া দিয়ে রক্ষা হবে না: হাছান

অবরোধ-হরতালের মধ্যে নাশকতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন জনগণের রোষের মুখে রয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

তিনি বলেছেন, জ্বালাও-পোড়াও বন্ধ না করলে জনগণ কার্যালয় থেকেই খালেদা জিয়াকে আটক করবে।

খালেদা জিয়ার কার্যালয় ঘিরে বিএনপির তারকাঁটার বেষ্টনি স্থাপনের দিকে ইঙ্গিত করে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে একথা বলেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।  

তিনি বলেন, “পেট্রোল বোমা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে সারাদেশে মানুষ যেভাবে ফুঁসে ওঠেছে, বিক্ষুব্ধ জনতা খালেদার কার্যালয়ের দিকে যাওয়া শুরু করেছে, সেই ভয়েই বিএনপি চেয়ারপারসন তার কার্যালয়ে কাঁটাতারের বেড়া দিয়েছেন।

“কাঁটাতারের বেড়া নয়, লোহার বেড়া দিয়েও রক্ষা পাবেন না আপনি (খালেদা জিয়া) । জনগণই আপনাকে গ্রেপ্তার করবে।”

অবরোধে বোমাবাজির অভিযোগে গণপিটুনির কয়েকটি ঘটনার দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতা বলেন, “জনগণ যেভাবে আপনার কর্মীদের গণধোলাই দিচ্ছে, আমরা চাই না আপনারও সেই পরিণতি হোক। তাই ভালো চাইলে এই সহিংসতার রাস্তা থেকে ফিরে আসুন।”

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ওই সমাবেশে হাছান মাহমুদ ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।

পুরনো খবর:

খালেদার কার্যালয় কাঁটাতারে ঘিরছে বিএনপি