খালেদার কার্যালয় কাঁটাতারে ঘিরছে বিএনপি
গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের দুই দিকের দেয়ালে কাঁটাতারের বেষ্টনি তৈরি করা হচ্ছে। নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ওই বাড়ির দেয়ালে কাঁটাতারের বেড়া লাগাতে দেখা যায় শ্রমিকদের।
বিএনপি চেয়ারপারসনের এক নিরাপত্তা (সিএসএফ) কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেয়াল টপকে কেউ ঢুকে পড়তে পারে। এজন্য নিরাপত্তার স্বার্থে এই কাঁটাতারের বেষ্টনি লাগানো হয়েছে।”
টানা অবরোধের ঘোষণা দেওয়ার দুদিন আগে গত ৩ জানুয়ারি থেকে এই কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। ৩ জানুয়ারি তাকে বের হতে পুলিশ বাধা দিয়েছিল।
এদিকে আগের মতোই ওই কার্যালয়ের চারপাশে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা অবস্থান নিয়ে আছে। প্রধান ফটকের সামনে পুলিশের বিশেষ ব্রাঞ্চের সদস্যরা নিরাপত্তা রেজিস্ট্রার খুলে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে।
গত তিন দিন ধরে বিএনপির কোনো পর্যায়ের নেতাকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।
দুপুরে কার্যালয়ের প্রধান ফটকের বাইরে রাখা চেয়ারপারসনের নিরাপত্তাকর্মীদের গাড়ির ওপর দাঁড়িয়ে জনৈক মুস্তাফিজুর রহমান সাদা পতাকা তুলতে গেলে পুলিশ তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়।
তবে খালেদা জিয়ার আত্মীয়-স্বজন এলে তাদের কোনো বাধা দেওয়া হচ্ছে না। আত্মীয়-স্বজনের বাইরে বিএনপির মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের দুই মেয়ে রাতে খালেদার সঙ্গে দেখা করেন।
লুনা খোন্দকার ও দেলোয়ারা বেগম পান্না এসবির রেজিস্ট্রার খাতায় নাম লিখিয়ে ভেতরে ঢোকেন।
ওই কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন রয়েছেন।
৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি রাতে পুলিশের বাধা পাওয়ার পর কার্যালয়ে থেকে যান খালেদা। এরপর পুলিশ সড়কে বালুর ট্রাক রেখে, ফটকে তালা দিয়ে তাকে সেখানে অবরুদ্ধ করে ফেলে।
৫ জানুয়ারি কর্মসূচিতে বের হতে বাধা পেয়ে দেশজুড়ে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন। এরপর বেশ কিছু দিন ওই কার্যালয়ে ঢোকার বিষয়টি পুলিশকে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
বালুর ট্রাক সরানোর পর গত ১৯ জানুয়ারি ফটকের সামনে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হলেও খালেদা ওই কার্যালয় আর ছাড়েননি। মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর লাশ আসার পর সেখানেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।
ওই সময়ে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন দলের নেতারা অবাধে খালেদার ওই কার্যালয়ে ঢুকতে পারলেও এসএসসি পরীক্ষার মধ্যে অবরোধের সঙ্গে হরতাল ডাকার পর ওই এলাকায় পুলিশের তৎপরতা আবার বাড়ে।
এর মধ্যে গত শনিবার ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলেও ২০ ঘণ্টা পর পুনরায় সংযোগ দেওয়া হয়।
