২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার গেলেই ‘অবরোধ উঠবে’: বিএনপি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার পদত্যাগ করে নতুন নির্বাচনের ঘোষণা দিলেই অবরোধ প্রত্যাহারের কথা ভাববে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 08:04 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

শুক্রবার বনানীতে নিজের বাসায় এক সংবাদ ব্রিফিঙে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ দলের এ অবস্থানের কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সরকার পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিলেই অবরোধ কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে ২০ দলীয় জোট চিন্তা ভাবনা করবে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকা সমাবেশ করতে না পেরে সারা দেশে এই লাগাতার অবরোধ ডাকেন। তার পর থেকে এই প্রথম বিএনপির কোনো জ্যেষ্ঠ নেতা দলীয় অবস্থান জানাতে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে এলেন।

৬ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর ‘গোপন স্থান’ থেকে বিবৃতি পাঠিয়ে দলীয় অবস্থান জানানোর পাশাপাশি মাঝেমধ্যে হরতালও ডাকছিলেন যুগ্ম মহাসটিব রুহুল কবির রিজভী। গত ৩১ জানুয়ারি রিজভীরও গ্রেপ্তার হওয়ার পর ২০ দলের বক্তব্য-বিবৃতি আসছিল যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদের নামে।

এরই মধ্যে বৃহস্পতিবার বিএনপি প্রধান খালেদা জিয়ার পক্ষে সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠান ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

গত ৩ জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে অবস্থান নিয়ে থাকা খালেদা জিয়া ‘যৌক্তিক পরিণতিতে’ না পৌঁছানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ওই বিবৃতিতে বলেন, ‘যে কোনো পরিস্থিতি বা পরিণতির জন্য’ তিনি তৈরি।

একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে চলমান অবরোধ-হরতালে সহিংসতা, জ্বালাও-পোড়াও ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো যৌক্তিকতা নেই।

তবে সহিংসতায় ২০ দলের কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকার বার্ন ইউনিটে ‘আহতদের দুর্দশা নিয়ে রাজনীতি’ করছে এবং জনগণকে ‘বিভ্রান্ত করতে’ বিরোধী দলের ওপর ‘দোষারোপ’ করছে।

“আমরা এখনো বলছি, চলমান সংকটের অবসান করতে হলে সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তাহলে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সংলাপ হতে পারে। দেশে শান্তিও ফিরে আসবে।”

খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ‘গুলশান কার্যালয়ে খালেদা জিয়া গ্রেপ্তার না মুক্ত’ এ ব্যাখ্যা সরকারের কাছে দাবি করেন হাফিজ।

তিনি বলেন, “গুলশানের কার্যালয়ে আমরা নেতারা কেউই বেগম জিয়ার কাছে যোগাযোগ করতে পারছি না। তার টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট – সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল তাই নয়, গতকাল সন্ধ্যায় কার্যালয়ে গেইটের সামনে পুলিশ রেজিস্ট্রার বই খুলেছে। এখন নেতাদের কাউকে সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।”

গত ৩০ জানুয়ারি গুলশানের ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রায় ২০ ঘণ্টা পর আলো ফেরে খালেদার অফিসে। তবে বিএনপি প্রধানের টেলিফোন লাইন, ফ্যাক্স ও ইন্টারনেট এখনও বন্ধ রাখা হয়েছে অভিযোগ করে সরকারের কাছে তারও ব্যাখ্যা চান তিনি।

অবরোধ-হরতালে পেট্রোল বোমা হামলা ও সহিংসতার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করে এই বিএনপি নেতা বলেন, “সরকারের মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয়, তারা পেট্রোল বোমা চেনেন না। ১৯৯৬ সালে শেরাটনের কাছে তারাই বাসে গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছিল। দুই বছরে ১৭৩ দিন হরতাল করেছিল। তাদের সহিংসতার কারণে ওই সময়ে এসএসসি পরীক্ষা তিন মাস পিছাতে হয়েছিল।”

নাশকতার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলার সমালোচনা করেন হাফিজ।

তিনি বলেন, “যেখানে গত এক মাস ধরে গুলশানের কার্যালয়ে দেশনেত্রী অবরুদ্ধ হয়ে আছেন। তার সঙ্গে নেতা-কর্মীরা যোগাযোগ করতে পারছে না। গুলশানের কার্যালয়ে টেলিফোন, ফ্যাক্স বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কীভাবে বেগম জিয়া হুকুম দিচ্ছেন? তাকে হুকুমের আসামি কীভাবে করা যায়?”

বরং সরকারের মন্ত্রীরাই ‘প্রকাশ্যে বেগম জিয়াকে হত্যার হুমকি দিচ্ছেন’ বলে অভিযোগ করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

তিনি বলেন, “আমাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় বসানো জন্য নয়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই আন্দোলন করছি। সরকারকে পদত্যাগ করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।”