২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের পর কোকোর জন্য দোয়া পেছাল

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ‘আত্মার শান্তি কামনা করে’ সারাদেশে বিএনপির দোয়া মাহফিল ও প্রার্থনা সভার কর্মসূচি বুধবার থেকে পিছিয়ে শুক্রবার নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 08:43 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, “বুধবারের পরিবর্তে আগামী শুক্রবার সারাদেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও উপাসনালয়ে প্রার্থনা সভা হবে।”

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের মেয়াদ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানোর পর মঙ্গলবার সন্ধ্যায় কোকোর দোয়া পেছানোর এ ঘোষণা আসে। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তার প্রেস সচিব দলের নেতা-কর্মীদের এই কর্মসূচি পালনের আহবান জানান।

গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

মুদ্রা পাচারের একটি মামলায় সাজা মাথায় নিয়ে গত সাত বছর ধরে পরিবারের সঙ্গে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

গত ২৭ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।