খালেদা-তারেককে বাদ দিন: বিএনপিকে কামরুল
খালেদা জিয়া ও তারেক রহমান বিএনপিকে ‘সন্ত্রাসী’ দলে পরিণত করছে দাবি করে তাদের সরিয়ে দিতে বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
খালেদা জিয়ার ডাকা লাগাতার অবরোধের মধ্যে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় বক্তব্যে এই পরামর্শ দেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের অবরোধে বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা হামলা হচ্ছে, যাকে ‘রাজনীতির নামে সন্ত্রাস’ বলছে আওয়ামী লীগ নেতারা।
কামরুল বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার কুপুত্র তারেক রহমান বিএনপিকে একটি সন্ত্রাসী দলে পরিণত করেছে। আপনার যারা দলের সুবদ্ধির অধিকারী সিনিয়র নেতা আছেন, একত্রিত হয়ে হায়েনা সন্ত্রাসী খালেদা-তারেককে নিবৃত্ত করুন, তাদেরকে পরিত্যাগ করুন। দলকে সন্ত্রাসমুক্ত করুন।”
চলমান সঙ্কট নিরসনে বিএনপির সঙ্গে আলোচনার জন্য যারা সরকারকে পরামর্শ দিচ্ছেন, তাদের সমালোচনাও করেন তিনি।
“আপনারা যারা মাঝপথে হাঁটা বুদ্ধিজীবী হিসেবে নিজেদের জাহির করছেন, তাদের উদ্দেশে বলছি, এখন মাঝপথে হাঁটার সময় না। সত্যকে সত্য বলার চেষ্টা করুন। যিনি আগুন জ্বালিয়ে মানুষ পোড়াচ্ছেন, যার আগুনে বার্ন ইউনিটে নিরীহ মানুষ কাতরাচ্ছে, তাদের আগুন নেভাতে বলুন।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় কামরুল ছা্ড়াও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।
অভিনেতা এটিএম সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীও বক্তব্য রাখেন।
