২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পোড়ানোর’ পর দেখতে পাঠানো খালেদার ‘উপহাস’: হাছান

অবরোধের মধ্যে বোমাবাজি ও পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে হাসপাতালে বিএনপি নেতার যাওয়াকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে ‘উপহাস’ বলে মন্তব্য করেছেন হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 09:46 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

অবরোধ আহ্বানকারী দল বিএনপির নেতাদের ঢাকা মেডিকেল কলেজে যাওয়া প্রতিরোধের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বানও জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

খালেদা জিয়ার ডাকা অবরোধের মধ্যে নাশকতায় অগ্নিদগ্ধ হয়ে ৩০ জনের বেশি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। মারা গেছেন বেশ কয়েকজন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই নাশকতার জন্য বিরোধী দলকে দায়ী করলেও বিএনপি বলছে, এটা সরকারই করছে।

সহিংসতার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়ার নির্দেশে যানবাহনে পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করা হচ্ছে, জীবন্ত দগ্ধ করা হচ্ছে। তিনি আবার বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে বিএনপি নেতা জেনারেল মাহবুবকে পাঠিয়ে তাদের সঙ্গে উপহাস করছেন।”

অবরোধ শুরুর ১৫ দিন পর মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

বিএনপি নেতাদের প্রতিরোধ করতে চিকিৎসকদের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা হাছান বলেন, “বিএনপি নেতা মাহবুবের মতো আবার যদি কেউ সেখানে যায়, তাদেরকে প্রতিহত করতে আমি ডাক্তার ভাইদের আহ্বান জানাচ্ছি।”

বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে ‘চোরাগোপ্তা’ হামলা চালিয়ে মানুষকে ভয় দেখাতে চায় দাবি করে তিনি বলেন, “যারা মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করছে, তাদের দেখামাত্র গুলি করলে বাংলাদেশের আইনের ব্যত্যয় ঘটবে না। তাদেরকে দেখামাত্র গুলি করা হোক, এটাই জাতির প্রত্যাশা।”