২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার বদলে সহিংসতা: চট্টগ্রাম আ.লীগ

হরতাল-অবরোধের নামে কোনো ধরণের নাশকতা-নৈরাজ্য সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 06:55 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার দুই নেতার পক্ষে মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব মুহাম্মদ ওসমান গণির পাঠানো বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, যেখানেই অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও জানমালের ক্ষতি হবে সেই এলাকায় ২০ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে পাল্টা হামলা হবে।

“স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং সংবিধান-গণতন্ত্র রক্ষার আন্দোলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সব সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের প্রতি সবসময় শ্রদ্ধাশীল।”  

বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী ও আজম নাছির বলেন, “আন্দোলনের নামে হরতাল ও অবরোধ করে সাধারণ মানুষকে জিম্মি করার অপচেষ্টাকে আমরা যে কোনো মূলে রুখে দাঁড়াব। নাশকতাকারীদের তালিকা আমাদের কাছে আছে। তারা যদি সহিংসতা পরিহার না করে তাহলে তাদের প্রতিও পাল্টা সহিংস আচরণ করা হবে।

“হরতাল ও অবরোধের নামে কোনো রকম নাশকতা-নৈরাজ্য জনগণ সহ্য করবে না। জনগণই গণতন্ত্রের মূল শক্তি। এই শক্তিই আওয়ামী লীগের মূল ভিত্তি। এ ভিত্তিকে কোনো অপশক্তি দুর্বল করতে পারবে না।”

বিবৃতিতে বলা হয়, যারা নাশকতা চালাচ্ছে তারা চিহ্নিত পাকিস্তানি প্রেতাত্মা। তাদের নিশ্চিহ্ন করার ক্ষমতা আওয়াম লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাখে।