২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে  ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের গেইটের বাইরে থেকে পুলিশবেষ্টনী তুলে নেওয়া হলেও তাকে ‘অবরুদ্ধ’ রাখার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার সকাল থেকে ডাকা এই হরতালে গ্রেপ্তার ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তিও দাবি করা হয়েছে।

সোমবার বিকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেয়া হয়।

হরতালের ঘোষণার বিষয়ে জানতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে ২০ দলীয় জোটের বিভাগীয় আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী হরতালের ঘোষণা দিয়েছেন।

“বিভাগের চট্টগ্রাম, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।”

খালেদা জিয়া ১৫ দিন ধরে কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থাকার পর সোমবার ভোররাতে চারপাশ থেকে পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। গত ৩ জানুয়ারি কার্যালয় থেকে বের হতে বাধা পেয়ে খালেদা জিয়া পুলিশের ঘেরাওয়ের মধ্যে গুলশানের ওই কার্যালয়েই রয়েছেন। ৫ জানুয়ারি বের হওয়ার চেষ্টা করে ফের বাধার মুখে পড়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন তিনি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অফিসে অবরুদ্ধ রাখা ও চট্টগ্রামসহ দেশব্যাপী ২০ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে ২০ জানুয়ারি সকাল ৬টা থেকে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার হরতাল ডাকা হয়েছে।

চলমনা লাগাতার অবরোধ কর্মসূচির ‍পাশাপাশি ৩৬ ঘণ্টার হরতাল সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি চট্টগ্রাম বিভাগের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ওই বিবৃতিতে আমীর খসরু বলেন, সরকার তিনবারের প্রধানমন্ত্রীকে নয় প্রকৃতপক্ষে খালেদা জিয়াকে নয় প্রকৃতপক্ষে গণতন্ত্রকে অবরুদ্ধ করে দেশে একদলীয় বাকশালি শাসন কায়েম করেছে।

“অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার ও ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে্য জনগণ বেগম খালেদা জিয়ার আহ্বানে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

আমীর খসরু বলেন, জনগণের আন্দোলনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পরিবর্তে আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের পাশাপাশি দলীয় সন্ত্রাসীদের দিয়ে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে।

“গুলি চালিয়ে, হত্যা করে জনগণের গড়ে তোলা গণআন্দোলন ব্যর্থ করা যাবে না।“

আটক নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তিও দাবি করেন আমীর খসরু।