২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ হত্যার দায়ে খালেদার বিচার হবে: নাসিম

অবরোধের নামে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি ও পুড়িয়ে মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 10:51 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

তিনি বলেছেন, “অবরোধ ডেকে খালেদা জিয়া নিজেই অবরুদ্ধ হয়ে পড়েছেন। কাউকে পাশে পাচ্ছেন না। লজ্জায় ঘর থেকে বের হতে পারছেন না। দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির নির্দেশ দিয়ে এখন মানুষ মারা শুরু করেছেন। এ জন্য তার বিচার করা হবে।”

শনিবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলা বাসস্ট্যান্ডে বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেলা ১৪ দলের গণসমাবেশে একথা বলেন তিনি।

খালেদার উদ্দেশ্যে ১৪ দলের সমন্বয়ক নাসিম বলেন, “অবরোধ বন্ধ করেন। মানুষ মারবেন না। নৈরাজ্য সৃষ্টি করবেন না। জনগণের কল্যাণে কাজ করুন। মানুষ আপনার পাশে দাঁড়াবে”। 

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “অবরোধ ও নৈরাজ্য বন্ধ এবং জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত বিএনপির সঙ্গে আলোচনা নয়। বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না।

“পাঁচবছর পর পর নির্বাচন হয়। সাধারণ মানুষ এখন নির্বাচন চায় না। ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নাসিম বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মারা গেছে। সেটা আর ফিরে আসবে না। আগামী নির্বাচনে বিএনপিকে বর্তমান নির্বাচন ব্যবস্থায় নির্বাচন করতে হবে।”

তিনি বলেন, “দেশের মানুষ অবরোধ, হরতাল চায় না। তারা উন্নয়ন চায়। নিরাপদে শান্তিতে থাকতে চায়। আওয়ামী লীগ সেই কাজটি করছে।

“গত ছয় বছরে দেশ অনেক এগিয়ে গেছে। এখন বিদ্যুতের সমস্যা নেই। সারের জন্য কৃষককে আর গুলি খেয়ে মরতে হয় না। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নিজের টাকায় পদ্মা সেতু হচ্ছে। মানুষ শান্তিতে বাস করছে। যে কারণে বিএনপির অবরোধে মানুষের সাড়া নেই। দলের নেতারাও মাঠে নামছেন না।”

১৩ জানুয়ারি মিঠাপুকুরে বাসে পেট্রোলবোমা ছোড়ে যারা ৫ জনকে পুড়িয়ে মেরেছে অবিলম্বে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাবেশে বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কোষাধ্যক্ষ ও স্থানীয় এমপি এইচ এন আশিকুর রহমান, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম বাবলু, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল।