সব দলকে নিয়ে বসতে চান এরশাদ
চলমান রাজনৈতিক সহিংসতা রোধে আওয়ামী লীগ-বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নিয়ে একটি কনভেনশন করতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে শনিবার কাকরাইলে জাতীয় পার্টির ‘শান্তি সমাবেশে’ নিজের এই পরিকল্পনার কথা বলেন তিনি।
বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনে দুই যুগ আগে পতন ঘটেছিল সামরিক শাসক এরশাদের।
বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, “আসুন সকলে মিলে একটি কনভেনশন ডাকি। কিভাবে দেশকে শান্তির পথে আনা যায়, আলোচনা করি। সমস্যা থেকে একটি পথ খুঁজে বের করি।”
বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ চলমান সংঘাত-সহিংসতায় উদ্বেগ জানিয়ে দেশবাসীর উদ্দেশে বলেন, “দুই দলের (বিএনপি ও আওয়ামী লীগ) সহিংস রাজনীতিকে ঘৃণা করুন। আমরা এ রাজনীতি চাই না। আমরা শান্তি চাই, সন্ত্রাস কিংবা সংঘাত নয়।”
বিশ্ব ইজতেমার সময়েও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ায় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “আপনারা নিজেদের মুসলমান বলে দাবি করেন কিন্তু বিশ্ব ইজতেমার সময়ে অবরোধ দিয়ে কোন মুসলমানিত্বের প্রমাণ দিলেন। এটা কি কোনো রাজনীতি?”
আবার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারেরও সমালোচনা করেন তিনি- “নিরাপত্তা দিতে সরকার কেন ব্যর্থ, তাদের এর জবাব দিতে হবে।”
এরশাদ বলেন, “২৪ বছর আগে শান্তির জন্য ক্ষমতা ছেড়েছিলাম। সংঘাত চাইনি, রক্ত দেখতে চাইনি, তাই ক্ষমতা ছেড়েছি। এখন আপনারা আমাদের কী দেখাচ্ছেন?”
আওয়ামী লীগ ও বিএনপি- উভয় দলকে বাদ দিয়ে ‘পরিবর্তনের জন্য’ জাতীয় পার্টিকে সমর্থন দিতে জনগণকে আহ্বান জানান তিনি।
“আমরা বিএনপি-আওয়ামী লীগমুক্ত দেশ চাই। দেশের মানুষের শান্তির জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আনুন। আমি কথা দিচ্ছি, আমরা ক্ষমতায় এলে দেশে পরিবর্তন আসবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, জাতীয় কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান, জাতীয় ওলামা পার্টির সভাপতি হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।
