২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের মন বুঝতে খালেদাকে পরামর্শ রওশনের

বিরোধীদলীয় নেতা হিসেবে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে অবরোধের মতো সহিংস কর্মসূচি ছাড়তে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 10:12 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

বিএনপিবিহীন সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে আসীন হওয়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন মানুষের ‘মর্মকথা’ উপলব্ধি করে কর্মসূচি দিতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন।

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের অষ্টম দিন সোমবার এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, “রাজনৈতিক দাবি আদায়ের অন্যতম প্রধান মাধ্যম হরতাল-অবরোধ এখন আতঙ্ক ও দুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে বর্তমানে বাসে আগুন দিয়ে মানুষ মারা, বোমা মারা, রেল লাইনের ফিসপ্লেট খুলে জনদুর্ভোগ বাড়ানো সম্পূর্ণ অনৈতিক ও অনভিপ্রেত। দেশের বিরোধীদলীয় নেতা হিসেবে বর্তমান পরিস্থিতিতে আমি উদ্বিগ্ন।”

বিএনপির ভাষায় ‘গৃহপালিত বিরোধীদলীয় নেতা’ রওশন বলেছেন, দশম সংসদ নির্বাচনের পর রাজনীতিতে স্থিতিশীলতা ফিরলেও এখন আবার হরতাল-অবরোধ দিয়ে দেশকে পিছিয়ে দেওয়া হচ্ছে।

বাংলাদেশের মানুষের আয় বাড়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, “এর সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে মানুষের মনোভাবের এক ধরনের পরিবর্তন এসেছে। মানুষ এখন সংঘাতহীন এবং রাজপথবিমুখ কর্মসূচি চায়।

“রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষের মর্মকথা উপলব্ধি করে কর্মসূচি ঘোষণা করা উচিত।”