গয়েশ্বর-আলাল কারাগারে
নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার হাকিম আদালত বলেছে, পুলিশ প্রয়োজনে আগামী দশ কার্যদিবসের মধ্যে তাদের কারা ফটকে জিজ্ঞাসাবাদ করবে।
সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার গয়েশ্বরকে রোববার আদালতে হাজির করে বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় চকবাজার থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ডে চায় পুলিশ।
অন্যদিকে গয়েশ্বরের আইনজীবী মোসলেহউদ্দিন জসিম এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান দুই আবেদনই বাতিল করে এই বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে চকবাজারের মামলায় গ্রেপ্তার যুবদল সভাপতি আলালকে পুলিশ শাহবাগ থানার মামলায় দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে তার আইনজীবী এর বিরোধিতা করে জামিন চান।
রিমান্ড ও জামিন শুনানি করে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান দুই আবেদনই নাকচ করে আলালকে কারাগারে পাঠাতে বলেন।
গত ২৪ ডিসেম্বর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়।
এই সংঘর্ষের মধ্যে ঢাকা মেডিকেলের সামনে হামলার শিকার হন নেত্রকোনার সাংসদ ছবি বিশ্বাস। হামলাকারীরা তার গাড়ি পুড়িয়ে দেয়, আহত হন তিনি নিজেও।
ওই ঘটনার একদিন পর ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বিএনপি নেতা গয়েশ্বরকে গ্রেপ্তার করে পুলিশ। শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে তিন দিনের রিমান্ডেও নেয়।
আর যুবদল সভাপতি আলালকে গ্রেপ্তার করা হয় গত ২৭ ডিসেম্বর। বকশিবাজারের ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত তাকে তিনদিনের রিমান্ডে পাঠানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তাকে হাসপাতালে চিকিৎসাও দেওয়া হয়।
