২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা পেয়ে খালেদার বাড়ির সামনে বি চৌধুরীর হল্লাচিল্লা

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গাড়ি নিয়ে যেতে পুলিশের বাধা পেয়ে হল্লাচিল্লা করে ফিরে এসেছেন বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 09:15 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

এর আগে গত রোববারও গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। কিন্তু পুলিশের বাধায় ফিরে আসতে হয়েছিল তাকে।

পাঁচ দিন ধরে অবরুদ্ধ রাখার পর বৃহস্পতিবার পুলিশ খালেদার কার্যালয়ের তালাটি খুলে দেয়। তবে বাড়ির সামনের সড়কে ব্যারিকেড এবং পুলিশের অবস্থান রয়েছে। 

খালেদাকে অবরুদ্ধ করে রাখায় সরকারের কঠোর সমালোচক বি চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় ফের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার সময় ব্যারিকেড পড়েন। 

গুলশানের ৮৬ নম্বর সড়কে খালেদার কার্যালয়ের থেকে ১০০ গজ দূরে আড়াআড়িভাবে রাখা জলকামানের গাড়ির কারণে ঢুকতে পারছিল না সাবেক এই রাষ্ট্রপতির গাড়ি। 

তিনি গাড়িতে থেকেই আঙুল উঁচিয়ে বলেন, “এটা কোন ধরনের অসভ্যতা। বেইজ্জতির একটা সীমা আছে। এই গাড়ি সরাতে হবে। আমি এক মিনিট সময় দিচ্ছি, যদি এর মধ্যে সরানো না হয়, চলে যাব।”

গত কয়েকদিন ধরে রাখা হলুদ জলকামানের গাড়িটির কাছে কয়েকজন পুলিশ সদস্য ছিল। তাদের উদ্দেশ্য করে বি চৌধুরী ডাকলেও তারা ডাকে সাড়া দেননি।

হাত উঁচু করে তিনি বলেন, “কাম অন। কে আছেন পুলিশ অফিসার। এখানে আসুন। আমি এক মিনিট সময় দিচ্ছি।”

Image
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বদরুদ্দোজা চৌধুরীর এই ছবি গত ৪ জানুয়ারির

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বদরুদ্দোজা চৌধুরীর এই ছবি গত ৪ জানুয়ারির

কিন্তু জলকামানের গাড়ি না সরানো এবং পুলিশের কোনো সাড়া না পেয়ে ফিরে যান বিকল্প ধারা সভাপতি।  

যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, “আমি একজন সাবেক রাষ্ট্রপতি। রোববারও আমি এসেছিলাম। একই অবস্থা করেছে তারা। আজও তারা একই কাজ করল।

“আমি একজন সিনিয়র সিটিজেন। আমি একজন চিকিৎসক। চিকিৎসক হিসেবে এসেছিলাম।”

সাংবাদিক নেতাদের সাক্ষাৎ

বিএনপি সমর্থক সাংবাদিক নেতারা বৃহস্পতিবার রাতে দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে।

রাত সোয়া ৮টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ভেতরে ঢোকেন।

দেখা করে বেরিয়ে শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন, “দেশনেত্রী বলেছেন, অবরোধ কর্মসূচি চলবে। কোনো বিরতি নেই। যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনার এই আন্দোলন চলবে।”

বিএনপি চেয়ারপারসনকে কেমন দেখলেন- জানতে চাইলে তিনি বলেন, “আমাদের মনে হয়েছে, তার মনোবল আগের চাইতে দৃঢ়।”

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীও খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে দেখা করেছেন।

পুরনো খবর:

এ আচরণ অশুভ সঙ্কেত: বি. চৌধুরী
দোয়া চেয়েছেন খালেদা
স্বজনদের সঙ্গে খালেদার আলাপ-নৈশভোজ
বাসার খাবার খাচ্ছেন খালেদা
শ্বাস কষ্টে ভুগছেন খালেদা