২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ আচরণ অশুভ সঙ্কেত: বি. চৌধুরী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পুলিশের আচরণ গণতন্ত্রের জন্য অশুভ সঙ্কেত বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 01:03 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

খালেদার সঙ্গে দেখা করতে রোববার বেলা ১২টার দিকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে যান বদরুদ্দোজ্জা, যেখানে রাত থেকে অবস্থান করছেন বিএনপি নেত্রী।

বি চৌধুরীকে পুলিশ কার্যালয়ে যেতে বাধা দিলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের বিএনপির সাবেক এই নেতা বলেন, “আমি একজন সিনিয়র সিটিজেন এবং সাবেক রাষ্ট্রপতি। আমাকে দেখা করতে দেওয়া হয়নি।

“পুলিশের এহেন আচরণ এবং বিরোধী দলীয় নেত্রীকে এভাবে অবরুদ্ধ করে রাখা গণতন্ত্রের জন্য অশুভ সঙ্কেত বলে আমি মনে করি।”

বিএনপির ৫ জানুয়ারির কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করে তা সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি ছেড়ে বিকল্পধারা গড়ে তোলা বি চৌধুরী।

তিনি বলেন, “দেশবাসীর প্রতি আহ্বান রাখব, আপনারা এই অগণতান্ত্রিক অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।”

বদরুদ্দোজ্জার গাড়িবহর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনের সড়কে ঢুকতেই ব্যারিকেড দেয় পুলিশ।

পরে বি চৌধুরী গাড়ি থেকে নেমে লাঠিতে ভর দিয়ে কার্যালয়ের দিকে এগোতে থাকলে কয়েক গজ যাওয়ার পর আবারো তার গতিরোধ করা হয়। এ সময় তার সঙ্গে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানও ছিলেন।

খালেদা জিয়ার সঙ্গে তাকে কেন দেখা করতে দেওয়া হবে না জানতে চাইলে একজন কনস্টেবল বি চৌধুরীকে বলেন, “আমাদের নির্দেশ আছে, এখানে কেউ যেতে পারবেন না। আপনি আমাদের অফিসারের সঙ্গে দেখা করেন।”

এ সময় বি চৌধুরী বলেন, “আপনার অফিসারকে ডাকুন।”

“পেছনে আছেন, আপনি সেখানে যান,” সংক্ষিপ্ত উত্তর ওই কনস্টেবলের।                       

এ সময় রাগত কণ্ঠে বি চৌধুরী বলেন, “আমি সাবেক রাষ্ট্রপতি। আপনি কি বলছেন? আপনি আমাদের নাতনির বয়সের।

“একজন সিনিয়র সিটিজেনকে এভাবে বলা যায় না। আমি কেন অফিসারের কাছে যাব? তাকে আসতে বলুন।”

পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে বি চৌধুরী বলেন, “গণতান্ত্রিক দেশে এভাবে পুলিশ বাহিনী আচরণ করতে পারে না। এটা শোভন নয়।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিরোধী দলীয় নেতা গতকাল থেকে অবরুদ্ধ হয়ে আছে জেনে আমি তার সঙ্গে দেথা করতে এসেছিলাম। এভাবে অবরুদ্ধ করে রাখা গণতন্ত্রের জন্য লজ্জাজনক। আমি সরকার ও পুলিশের এহেন আচরণের ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই।

“গণতন্ত্রের কথা বললে অবরুদ্ধ করে রাখতে হবে, কথা বলা যাবে না-এটা চলতে পারে না। বেগম খালেদা জিয়া দেশের বিরোধী দলের নেতা। তাকে এভাবে অবরুদ্ধ করে রাখার মধ্য দিয়ে সরকারের চেহারা উন্মোচিত হয়েছে।”

এক প্রশ্নের জবাবে বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরী বলেন, “আজকে সরকার বিরোধী দলের নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছে-এটার যেমন আমি প্রতিবাদ জানাতে এসেছি তেমনি আগামীতে, যদি দাবার গুটি উল্টো যায়, এরকম আচরণ হলে আমি প্রতিবাদ জানাব।”

পরে বেলা ১২টা ৩৫ মিনিটে গাড়িতে উঠে চলে যান বি চৌধুরী।

বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ অ্যাখা দিয়ে এর বর্ষপূর্তিতে সারা দেশে সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ঢাকায় কর্মসূচি পালনের অনুমতি চেয়ে শনিবার পর্যন্ত পুলিশের সাড়া না পেয়ে ‘যে কোনো মূল্যে’ সমাবেশ করার ঘোষণা দেন বিএনপি নেতারা।

এদিকে ওই দিন ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে কর্মসূচি পালনের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

এ নিয়ে উত্তেজনার মধ্যে গত রাত সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলে তার পথ আটকায় পুলিশ। তখন থেকে ওই কার্যালয়েই আছেন বিএনপি প্রধান।