জাপায় ভারপ্রাপ্ত মহাসচিব
জিয়াউদ্দিন আহমেদ বাবলু চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় জাতীয় পার্টিতে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে মহাসচিব পরিবর্তনের যে খবর সংবাদ মাধ্যমে এসেছে, তা নাকচ করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়।
নাটকীয় ঘটনার জন্ম দিয়ে গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার কয়েক মাসের মধ্যে এ বি এম রুহুল আমীন হাওলাদারকে সরিয়ে বাবলুকে মহাসচিব করেন এইচ এম এরশাদ।
গত ১ জানুয়ারি ঢাকায় জাতীয় পার্টির সমাবেশের পর থেকে অসুস্থ ছিলেন বাবলু। মঙ্গলবার রাতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
যাওয়ার আগে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়াকে অস্থায়ীভাবে পালনের জন্য দায়িত্ব নিয়ে যান বলে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আবুল হাসান জুয়েল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী রেজাউল ইসলামকে এই দায়িত্ব প্রদান করেন মহাসচিব।”
জিয়াউদ্দিন বাবলু
এদিকে কয়েকটি সংবাদপত্রে খবর বেরিয়েছে, ১ জানুয়ারির সমাবেশে জনসমাগম কম হওয়ায় দলে সমালোচনার মুখে থাকা বাবলুকে সরিয়ে দিচ্ছেন এরশাদ।
সমাবেশের আগে বিভিন্ন সময় ১০ লাখ মানুষের সমাগমের ঘোষণা দিয়েছিলেন বিএনপিবিহীন দশম সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, কিন্তু জনসমাগম হয়েছিল ১৫- ২০ হাজার।
বাবলুকে সরানোর খবরের বিষয়ে জানতে চাইলে সুনীল শুভরায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক সময় অনেক পত্রিকায় বিভিন্ন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়। আমি এর বেশি আর বলতে চাই না।”
