ফখরুলের গ্রেপ্তারে ঠাকুরগাঁওয়ে তাৎক্ষণিক হরতাল
বিএনপির ভারপ্রাপ্ত সমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পরপরই নিজ এলাকা ঠাকুরগাঁও জেলায় হরতাল শুরুর ঘোষণা দিয়েছে বিএনপি।
বিকাল ৫টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এ ঘোষণা দেন দলের জেলা সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জেলায় হরতাল চলবে।
এদিকে মির্জা ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে কয়েকটি মিছিল হয়েছে। সদর উপজেলার কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঠাকুরগাঁও সদরে। মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফখরুলকে গ্রেপ্তারের পরপরই শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।
তারা সদর উপজেলার ভেলাজানে তিনটি মোটরসাইকেল, একটি পিকআপভ্যান এবং খোচাবাড়ি এলাকায় তিনটি পিকআপভ্যান ভাংচুর করে।
এছাড়া ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে তারা।
সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ও আইনশৃঙ্খরা রক্ষায় বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতয়েন করা হয়েছে।
