২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্মী নাই, স্টেজ নাই, রিজভীও নাই’

দশম সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তির দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা দিয়েও ‘মাঠে না থাকায়’ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এর নেত্রী খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 03:35 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

সহিংস রাজনীতির পথ থেকে ফিরে এলে সরকারের তরফ থেকে খালেদা জিয়াকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি ‘আশ্বাস’ দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “গতকাল বাংলাদেশের মানুষ একটি নতুন রাজনীতি প্রত্যক্ষ করেছে। এর কোনো প্রয়োজন ছিল না। দেখা গেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে ছিল, অন্যদিকে সমাবেশ ডেকে বিএনপি মাঠে ছিল না।”

তিনি বলেন, “একটা সমাবেশ হবে, অথচ তার দলের কোনো প্রস্তুতি ছিল না। নেতা নাই, কর্মী নাই, স্টেজ নাই, এমনকি রিজভীও নাই! জনগণ রাজনৈতিক দলকে বর্জন করতে পারে, কিন্তু কর্মীরা যে তাদের নেতা কে ত্যাগ করে এটা গতকাল প্রথম দেখলাম।”

এক বছর আগে ৫ জানুয়ারির নির্বাচনের দিনটিকে আওয়ামী লীগ ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়।

কর্মসূচি ঘোষণার পর শনিবার রাত থেকে গুলশানে নিজের কার্যালয়ে বিপুল সংখ্যক পুলিশের ঘেরাওয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে আছেন খালেদা জিয়া। গত তিনদিন ধরে তিনি সেখানেই আছেন।

ওই রাতেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ ‘অসুস্থ’ হয়ে পড়েন এবং তাকে নয়া পল্টনের কার্যালয় থেকে পুলিশ অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়।

দুই পক্ষের মুখোমুখি অবস্থানে দেশজুড়ে উত্তেজনার মধ্যে রাজধানীসহ কয়েকটি স্থানে সভা-সমাবেশ, মিছিল ও সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে পুলিশ। খালেদা জিয়া সোমবার গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলেও পুলিশ বাইরে থেকে তালা আটকে রাখায় তিনি ব্যর্থ হন। ওই অবস্থায় সারাদেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন তিনি।

বিএনপিকে কটাক্ষ করে সুরঞ্জিত বলেন, “আমরা আন্দোলন করি নাই? আমাদের বিরুদ্ধে হুলিয়া জারি হয় নাই? পুলিশের বাড়ি আমরা খাই নাই? এসব তো রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া। এত ভয় পেলে হবে? গতকাল নিজ দলের কর্মীদের নির্লজ্জ অবস্থানের মধ্যে তিনি (খালেদা) আর্তনাদ করে গেছেন।” 

খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতিপক্ষ হিসেবে না দাঁড়ানোর আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, “আপনি যা চাইছেন- তত্ত্বাবধায়ক সরকার, সেটা একসময় আমাদের দাবি ছিল। কিন্তু এখন আর তা ফিরিয়ে আনা সম্ভব না। তবে নির্বাচন কমিশন শক্তিশালী করা এবং নির্বাচনী আইন সংস্কার- এ দুটি দাবির সঙ্গে আমি অন্তত একমত।

“দেশের উন্নয়নের স্বার্থে সহিংস অবস্থান থেকে সুস্থ রাজনীতির পথে, গণতন্ত্রের পথে ফিরে আসুন।সরকারের তরফ থেকে সহযোগিতা আপনি পাবেন।”

নতুন করে হরতাল না দেওয়াটা খালেদা জিয়ার ‘রাজনৈতিক জ্ঞান বৃদ্ধির প্রকাশ’ বলেও তিনি মন্তব্য করেন।

“তিনি বুঝেছেন, বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে হরতালের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি অবরোধ ঘোষণা করেছেন। আমি আশা করব, আগামী দুই একদিনের মধ্যে তিনি অবরোধও প্রত্যাহার করে নেবেন।”

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠীর এই আলোচনা সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য হাজি মো. সেলিম, আওয়ামী লীগ নেতা ফয়েজউদ্দিন মিয়া, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, নৌকা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি উপস্থিত ছিলেন।