২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে আসছেন খালেদা

আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনের এক বছর পূর্তির আগেই সংবাদ সম্মেলনে আসছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 10:48 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

হরতালের আগের দিন গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দল ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসামি করার পরপরই জরুরি এই সংবাদ সম্মেলন ডাকলেন খালেদা।

জোটসঙ্গী জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে বিএনপি চেয়ারপারসনের এই সংবাদ সম্মেলন হবে। যুদ্ধাপরাধী এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় দুদিন হরতাল ডেকেছে জামায়াত।

৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি জানিয়ে এলেও তাতে সরকারের সাড়া না পেয়ে খালেদা ইঙ্গিত দিয়েছেন, নতুন বছরের শুরুতেই কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

তবে বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, পাঁচ বছরের আগে দেশে কোনো নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকারের অধীনেই হবে।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করবেন কি না, সে রকম কোনো আভাস বিএনপি নেতাদের কাছে পাওয়া যায়নি।

তবে বিএনপি ইতোমধ্যে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ ঢাকায় জনসভার ঘোষণা দিয়েছে। তবে আওয়ামী লীগ নেতারা সেদিন রাজপথে বিএনপিকে মোকাবেলার ঘোষণাও দিয়ে রেখেছেন।