এইচটি ইমামের ছেলেকে বাদ দিয়ে কমিটি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের ছেলে সংসদ সদস্য তানভীর ইমামকে বাদ দিয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেন।
তানভীর ইমাম সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গার একাংশ) থেকে দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ১৪ নভেম্বর উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সন্মেলনে তানভীর ইমাম সাধারণ সম্পাদক মনোনীত হন। এরপর দলের অভ্যন্তরে মনোনীত কমিটি নিয়ে কোন্দল দেখা দেয়।
এ অবস্থায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে ওই কমিটি বাতিল করে গত রোববার (২৮ ডিসেম্বর) নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এ কমিটিতে মীর শহিদুল ইসলাম পুন্নুকে আহবায়ক ও গাজী শফিকুল ইসলাম শফিকে ১নং যুগ্ম আহবায়ক করে আরও চার জনকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগ নেতা হোসেন আলী।
গত ১৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তানভীর ইমাম উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন।
