হরতাল এখন ভোঁতা অস্ত্র: ওবায়দুল কাদের
হরতালকে ‘ভোঁতা অস্ত্র’ আখ্যায়িত করে এই অস্ত্র দিয়ে বিএনপি কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে মাওয়ায় পদ্মা সেতুর কাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “হরতাল এখন ভোঁতা অস্ত্র, বিএনপি এই ভোঁতা অস্ত্র দিয়ে কিছু করতে পারবে না। এতে কোনো কাজ হবে না।”
“হরতাল দিয়ে বিএনপি নেতারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আরাম করবেন, আর জনগণ এর সমর্থন দেবে, এটা কী করে হয়?”
পদ্মা সেতুর কাজের অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পদ্মা সেতু এখন আর চ্যালেঞ্জ নয়। পদ্মা সেতু এখন আর অবাস্তব স্বপ্ন নয়। পদ্মা সেতু এখন দিবালোকের মতো বাস্তবতা লাভ করেছে।
ওবায়দুল কাদের আরও বলেন, এ সেতুকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে পদ্মা পাড়ে। হংকংয়ের মতো শহর হবে সেতুকে ঘিরে।
এর আগে লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) মো. দেওয়ান আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) মো. তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) শারফুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী (সেতু বিভাগ) হুমায়ূন কবীরসহ সেতু ও সড়ক পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
