ডিসেম্বরজুড়ে কর্মসূচির পর আন্দোলন: খালেদা
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন ডিসেম্বরের পরই শুরুর ইঙ্গিত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দাবি জানিয়ে এসেও তাতে সাড়া না পেয়ে আন্দোলনের ঘোষণা দিয়ে জনসংযোগে নেমে সময়মতো কর্মসূচি দেওয়ার কথা বলে আসছেন খালেদা।
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন সোমবার নিজের গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই আন্দোলন শুরুর আগে এবার বিজয়ের পুরো মাস আমাদের কর্মসূচি পালন করতে হবে।”
বিজয়ের মাসে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন বিএনপি চেয়ারপারসন।
দেশের বর্তমান অবস্থানকে ‘সঙ্কটজনক’ অভিহিত করে তিনি দাবি করেন জনগণ এখন আওয়ামী লীগ সরকারকে চায় না।
“আমাদের জনসভাগুলোতে মানুষের অংশগ্রহণ দেখলেই বোঝা যায়, তারা (ক্ষমতাসীন দল) আমাদের ধারে কাছে নেই।”
আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন ৫ জানুয়ারির ভোট বর্জনকারী বিএনপি চেয়ারপারসন।
“আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের এইচ টি ইমাম ইতোমধ্যে বলে দিয়েছে, কিভাবে ৫ জানুয়ারির নির্বাচনে ভোট কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তাই তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।”
‘জামায়াতের সঙ্গে অন্য কোনো আঁতাত নেই’
বিজয়ের মাসের কর্মসূচি উদ্বোধন করে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সঙ্গে নিজেদের রাজনৈতিক ঐক্যের বিষয়টি ব্যাখ্যা করেন খালেদা জিয়া।
“আমি স্পষ্টভাষায় বলতে চাই, জামায়াতের সঙ্গে আমাদের অন্য কোনো আঁতাত নেই। তাদের সঙ্গে আমাদের ঐক্য শুধু আন্দোলন ও নির্বাচনের।”
জামায়াতের সঙ্গে জোট নিয়ে সমালোচনার জবাবে আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারে ‘রাজাকার’ মন্ত্রী থাকার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।
“তারা (আওয়ামী লীগ) বলে রাজাকারকে গাড়িতে পতাকা দিয়েছে। কিন্তু প্রথম নুরুল ইসলাম রাজাকার (ধর্মমন্ত্রী) কে তারাই (আওয়ামী লীগ) মন্ত্রী করে পতাকা দিয়েছিল। এরকম আরও আছে।”
বিএনপিকে মুক্তিযুদ্ধের দল দাবি করে তিনি বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়। আওয়ামী লীগ সীমান্ত পাড়ি দেওয়া দল। বিএনপিই মুক্তিযুদ্ধের দল, রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এই দলে আছেন।”
স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেননি দাবি করে এই বিষয়ে এ কে খন্দকার এবং তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদের সদ্য প্রকাশিত বইয়ের লেখা উল্লেখ করেন খালেদা।
“শেখ সাহেব মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি। তার দলের নেতা তাজউদ্দীন সাহেবের মেয়ে তার বইতে লিখেছেন, বাবা (তাজউদ্দীন আহমদ) মুক্তিযুদ্ধের ঘোষণা রেকর্ড করার জন্য গিয়েছিলেন শেখ সাহেবের কাছে। তিনি বলেছিলেন, তোরা কি চাস আমি রাষ্ট্রদ্রোহী হই। মুক্তিবাহিনীর উপঅধিনায়ক এ কে খন্দকার তার লেখা বইতেও একই কথা লিখেছেন।”
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে তিনি বলেন, “জিয়া সেদিন স্বাধীনতার ঘোষণা না দিলে এবং আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধে অংশ না নিলে মুক্তিযুদ্ধ সফল হত না।”
সেনাবাহিনীতে ‘দলীয়করণ’
বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতেও দলীয়করণ হচ্ছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
“দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে দিচ্ছে। পুলিশ বাহিনীতে লোক নিচ্ছে, ছাত্রলীগের ক্যাডাররা সেখানে নিয়োগ পাচ্ছে। বিচার বিভাগেরও একই অবস্থা।”
“সেনাবাহিনীতেও একই অবস্থা করে ফেলেছে। সেনাবাহিনীতে এখন নিরপেক্ষতা নেই। যারা আওয়ামী লীগ করে, যারা হুজুর হুজুর পদলেহন করে, তারাই প্রমোশন পাচ্ছে।”
অতীতে সেনাবাহিনীতে কখনও এমন ‘দলীয়করণ’ ছিল না বলে দাবি করেন খালেদা।
বিডিআর বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র ছিল বলে দাবি করেন তিনি। “৫৭ জন সেনা অফিসারের হত্যার সঙ্গে হাসিনা, মইনউদ্দিন জড়িত। একদিন এই হত্যাকাণ্ডের অবশ্যই সুষ্ঠু বিচার হবে।”
বিডিআর বিদ্রোহের সময় নিহত ৭৩ জনের স্মরণে ২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস হিসেবে পালনের দাবিও জানান বিএনপি চেয়ারপারসন।
‘গালাগালি এখন বিদেশিদেরও’
মন্ত্রী ও সরকারি দলের নেতাদের বক্তব্যে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন খালেদা জিয়া।
অনুষ্ঠানে উপস্থিতরা
যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রীকে নিয়ে সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দলটির সাধারণ সম্পাদক একজন বিদেশি মন্ত্রীর সম্পর্কে এমন ভাষায় কথা বলেন! আওয়ামী লীগের অবস্থা এমন হয়েছে যে তারা বিএনপিকে গালিগালাজ দিতে দিতে এখন বিদেশিদেরও গালিগালাজ করছে।
“তারা কাউকে সম্মান দিতে জানে না। এখন তারা বিদেশিকে গালি-গালাজ করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আগে মন্ত্রী মতিয়া চৌধুরীও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে গালি-গালাজ করেছিল।”
মধ্যপ্রাচ্যের জনশক্তি রপ্তানি কমে যাওয়ার জন্যও সরকারকে দায়ী করেন তিনি।
“গতকাল সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেছেন, সরকারের নানা অনিয়মের কারণে সেখানে জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে।”
‘দেশটা কি কেবল আওয়ামী লীগের’
আওয়ামী লীগের শাসনে মানুষ দুর্বিষহ জীবন কাটালেও এর বিরুদ্ধে কথা বলতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।
“ঢাকায় কাউকে সমাবেশ করতে দেওয়া হয় না। ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ করতে দেয়নি, অথচ তারা ৩ নভেম্বর সমাবেশ করেছে।”
“কয়েকদিন আগে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যকেও সমাবেশ করতে দেওয়া হয়নি। তাহলে এদেশে কি কেবল আওয়ামী লীগই থাকবে?”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে খালেদা বলেন, “স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য আপনারা যুদ্ধ করেছেন। আওয়ামী লীগ এমন সব চুক্তি করছে, যা দেশের স্বার্থবিরোধী। এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সোচ্চার হতে হবে।”
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, শাহজাহান ওমর, আবদুস সালাম, মজিবুর রহমান সরোয়ার, শাহ আবু জাফর, ফজলুর রহমান।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান খোকন, সহসভাপতি সাদেক আহমেদ খান, দপ্তর সম্পাদক মহিউদ্দিন আহমেদ শাহজাহানও উপস্থিত ছিলেন।
