খালেদা অন্তর্জ্বালায়: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদে থাকতে না পারার অন্তর্জ্বালা থেকে খালেদা জিয়া সরকারকে ‘অবৈধ’ বলছেন।
রোববার দশম সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি আবারও বিএনপিবিহীন সংসদকে ‘ভালো’ বলেছেন।
একদিন আগে কুমিল্লার জনসভায় বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়ায় সংসদ অধিবেশনে শেখ হাসিনা বলেন, “দেশে বহুদলীয় শাসন চলছে। না হলে, উনি (খালেদা জিয়া) কিভাবে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন?
“আমরা জানি বিএনপি নেত্রীর অন্তর্জ্বালা। উনি পার্লামেন্টে নাই, বাইরে আছেন। না ঘরকা, না ঘাটকা। এজন্য উনার দুঃখ। উনি নির্বাচনে না এসে ভুল করেছেন।”
সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সরকারের দোষ দেখলে বলছে জানিয়ে সংসদ নেতা বলেন, “বিরোধী দল একটি সঠিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আমি ধন্যবাদ জানাই বিরোধীদলীয় নেতাকে। তিনি শত প্রতিকূলতার মধ্যে নির্বাচন করেছেন। নির্বাচন করেছিলাম বলে গণতন্ত্র রক্ষা হয়েছে।”
থাইল্যান্ডের উপমা টেনে তিনি বলেন, “দেখেন থাইল্যান্ডে কী হয়েছে? বিরোধী দল আন্দোলন করেছে। নির্বাচন ঠেকিয়েছে। ফলাফল কী হয়েছে? মিলিটারি এসেছে। বাংলাদেশে বিএনপি নেত্রী কী এটাই চেয়েছিলেন?
“আমরা শক্ত হাতে হাল ধরেছি। শক্ত হাতে দেশ পরিচালনা করেছি। ৫ জানুয়ারির নির্বাচনের পর শত হাতে হাল ধরেছিলাম বলেই দেশের মানুষ শান্তিতে আছে।”
বিএনপিবিহীন সংসদকে ‘মন্দের ভালো’ উল্লেখ করে সরকার প্রধান হাসিনা বলেন, “বিএনপি নেত্রী ইলেকশনে আসে নাই, এটা মন্দের ভালো। যে সমস্ত ভাষা ব্যবহার করা হত!
“স্কুলের ছেলেমেয়েদের সংসদে আনতে পারি নাই। এতো খিস্তি-খেউর আমরা শুনি নাই। জাতি বেঁচে গেছে। টেলিভিশনে এই ভাষা শুনতে হয়নি।”
৫৫ মিনিটের বক্তব্যে খালেদা জিয়ার বক্তব্যের জবাবের পাশাপাশি সরকারের বিভিন্ন খাতে উন্নয়নের চিত্রও তুলে ধরেন শেখ হাসিনা। সেইসঙ্গে গণতন্ত্র ‘পুনরুদ্ধারের’ দাবিতে আন্দোলনরত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সামরিক শাসনের ইতিহাসও তুলে ধরেন।
বিচারপতি আবু সাদত মোহাম্মদ সায়েমের ‘লাস্ট ফেইজ অ্যাট বঙ্গভবন’ বইয়ের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “জিয়াউর রহমান একদিন টেলিভিশনে একা একাই ঘোষণা দিলেন উনি রাষ্ট্রপতি।
“মার্শাল’ল জারি করে যারা ক্ষমতায় আসে, তাদের কী গণতন্ত্র?”
আওয়ামী লীগ ‘মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়’ বলে শনিবারের জনসভায় খালেদা জিয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, “তাহলে দেশটা স্বাধীন হল কিভাবে? তখন তো বিএনপির জন্ম হয়নি।
“একদিন হয়ত বিএনপি নেত্রী বলে ফেলতে পারেন, নিজামী, কামরুজ্জামান, মুজাহিদকে মুক্তিযোদ্ধা।”
পাকিস্তানের পক্ষে কাজ করায় জিয়াউর রহমানকে প্রশংসা করে জেনারেল আসলাম বেগের চিঠির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “জিয়াউর রহমানকে চিঠি দিয়ে আসলাম বেগ সাবাশ বলেছে। সে চিঠি তো অনেকবার এই সংসদেই পঠিত হয়েছে।”
পাকিস্তানি সেনা কর্মকর্তা জানজুয়ার মৃত্যুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়ার শোকবার্তা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “কোন ব্যথায় ব্যাথিত হয়ে শোকবার্তা দিয়েছিলেন। সেটা আমি বলতে চাই না।”
দূর্নীতি করেছেন বলেও খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়ের করা মামলা মোকাবেলা করতে ভয় পাচ্ছেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
“এতিমের টাকা লুটে খেয়েছে। অরফানেজের জন্য বিদেশ থেকে আসা লুটে খেয়েছে। এখন কেস মোকাবেলা করতে ভয় পায়।”
১৯ শতাংশ বেকার বেড়েছে বলে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “এই শতাংশের হিসাবে কে শিখাল?”
র্যাবের বিলুপ্তি দাবি করার জবাবে তিনি বলেন, “এখন র্যাবের বাতিল চান। এই র্যাবকে দিয়ে কত মানুষ হত্যা করালেন।
“উনি ক্ষমতায় থাকলে র্যাব খুব ভালো কাজ করে। উনি ক্ষমতায় না থাকলে র্যাব খারাপ।”
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে বলে বিএনপি চেয়াপারসনের বক্তব্যের জবাবে শেখ হাসিনা জবাবে বলেন, “গত জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১০০ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এসেছে।”
আওয়ামী লীগের ওপর ১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতাসীন হওয়ার পরের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, “একটা রাজনৈতিক দলের ওপর কতটা অত্যাচার করা যেতে পারে?”
