প্রধানমন্ত্রীর কাছে খিস্তি-খেউর শিখছে দেশবাসী: ফখরুল
জনসভায় খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার মন্তব্যে ক্ষোভ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে এই ধরনের বক্তব্য দেশবাসী প্রত্যাশা করে না।
যুদ্ধাপরাধীদের মন্ত্রী করায় খালেদাকে দেশদ্রোহী এবং তার শিক্ষাজীবন নিয়ে শনিবার হবিগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার নীলফামারীতে জেলা বিএনপির সম্মেলনে একথা বলেন ফখরুল।
তিনি বলেন, “শেখ হাসিনার কাছ থেকে দেশের মানুষ খিস্তি খেউর শিখছেন। তিন তিন বার জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত বেগম খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা তিনি বলেছেন তার মুখে এসব কথা মানায় না ।
“শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, তার কাছ থেকে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা সম্পর্কে এ রকম বিদ্রুপ আচরণ আশা করে না দেশের মানুষ।”
যুদ্ধাপরাধীরা আওয়ামী লীগের কাছেই আগে পশ্রয় পেয়েছিল দাবি করে বিএনপি নেতা বলেন, “তাদের নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এখন তারা দেশের মানুষের কাছে বলে বেড়াচ্ছে, আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ড্যান মজীনাকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সমালোচনাও করেন ফখরুল।
ফাইল ছবি
“বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের উল্টাপাল্টা বক্তব্যের কারণে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বৈধতা নেই দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে পরিবর্তন আনতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপির মুখপাত্র।
নীলফামারী শহরের উন্মুক্ত মঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন ফখরুল। জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, স্থানীয় নেতা এ জেড এম রেদুয়ানুল হক, আক্তারুজ্জামান মিয়া, আমজাদ হোসেন সরকার প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আনিছুল আরেফিন চৌধুরীকে সভাপতি ও শামসুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।
