‘কী ভয়ঙ্কর ভাব’ হাসিনার: রিজভী
হবিগঞ্জের জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রীর দাম্ভিকতার প্রকাশ ঘটেছে বলে দাবি করেছে বিএনপি।
এর মধ্য দিয়ে উচ্চ আদালতে শেখ হাসিনাকে নিয়ে এক পর্যবেক্ষণের যথার্থতা ফুটে উঠেছে বলেও মন্তব্য করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার হবিগঞ্জে জনসভায় শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রোববার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
হবিগঞ্জে শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনকে ‘দেশদ্রোহী’ বলার পাশাপাশি বলেছিলেন, খালেদা জিয়া সংসদে না থাকায় ‘ভালো’ হয়েছে। সংসদ এখন ভদ্রভাবে চলছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “কী ভয়ঙ্কর ভাব ধরে তিনি বক্তব্য রেখেছেন! আমরা মনে করি তার বক্তব্য নিম্নরুচি, দুর্বল কাণ্ডজ্ঞান ও মনোবৈকল্যগ্রস্ত মানসিকতার বহিঃপ্রকাশ।”
“উচ্চ আদালত আওয়ামী লীগের সভানেত্রী সম্পর্কে যে অবজারভেশন দিয়েছিলেন, গতকাল তার বক্তব্যে তা যথার্থ মনে হয়েছে।”
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত দশম সংসদের বিষয়ে রিজভী বলেন, “আগে শুনেছি, প্রধানমন্ত্রী অতীতের পরীক্ষাগুলোতে নকল করে পাস করেছেন। জনগণের জনপ্রিয়তা যাচাই করতে তিনি পারছেন না বলেই ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে গঠিত সংসদকে জনগণের আস্থার সংসদ বলছেন।
হবিগঞ্জের জনসভায় শেখ হাসিনা
“এমন একটা সংসদ গঠন করা হয়েছে, যেখানে তাদের অনুগত একটি বিরোধী দল আছে, জনপ্রতিনিধি নেই। রাষ্ট্রবিজ্ঞানে এরকম সংসদ নিয়ে একটি অধ্যায় হতে পারে বলে আমরা মনে করি।”
কুমিল্লায় শনিবার খালেদার জনসভায় বিভিন্নভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “অবস্থা দেখে মনে হচ্ছে, প্রধানমন্ত্রিত্ব ও ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা আরও বেশি নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে উঠেছেন।
“৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে এখন তারা (সরকার) বিএনপি ও বিরোধী দল ফোবিয়াতে ভুগছেন। বিএনপি চেয়ারপারসনের জনসভার কথা শুনলেই এই অবৈধ প্রধানমন্ত্রীর ১০৪/১০৫ ডিগ্রি জ্বর উঠে যায়।”
সংবাদ সম্মেলনে রিজভী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ জানান। প্রশ্নফাঁস এড়াতে ফেইসবুক বন্ধের কথা বলায় শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তার পদত্যাগও দাবি করেন তিনি।
“শিক্ষাকে নিয়ে চক্রান্ত ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে শিক্ষামন্ত্রীর এরকম বক্তব্যে দেশবাসী বিস্মিত ও চারিদিকে ধিক্কার উঠেছে। এই দুরভিসন্ধিমূলক খেলার জন্য শিক্ষামন্ত্রীসহ এই সরকারকে এখনই বিদায় জানাতে হবে।”
সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, আবদুস সালাম আজাদ, মীর সরফত আল সপু।
